পর্তুগালে মুন্সিগঞ্জবাসীর ঐক্যযাত্রা, দুই সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা

পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো ও সামাজিক কর্মকাণ্ড জোরদার করতে নতুন দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবাসে নিজেদের ঐক্য সুদৃঢ় করতে এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার লক্ষ্যেই এই সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে।
নাজমুল হাসানকে আহ্বায়ক ও শাহাদাত শেখকে সদস্য সচিব করে ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ‘মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগাল’। অন্যদিকে, মানবিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে গঠিত হয়েছে ‘মানবিক মুন্সীগঞ্জ’। এই সংগঠনে আরমান আহমেদকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রবাসে অবস্থানরত মুন্সিগঞ্জবাসীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ঐক্যবদ্ধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পর্তুগাল মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, প্রবাসী মুন্সিগঞ্জবাসীদের একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, মানবিক মুন্সীগঞ্জ সংগঠনটি পর্তুগালে বসবাসরত মুন্সিগঞ্জবাসীদের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে প্রবাসে কোনো মুন্সিগঞ্জবাসীর মৃত্যু হলে মরদেহ বাংলাদেশে পাঠানোসহ মানবিক সহায়তার সব কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠন।
উভয় সংগঠনের নেতারা জানান, প্রবাসে থেকেও নিজ জেলা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংগঠন দুটি সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের জন্য সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
বিআরইউ