ডেনমার্কে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের শুরুতে সকালে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ করে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিকেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার পার্টিতে ডেনমার্কে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদ হওয়া সালাম, বরকত, রফিক, জব্বারসহ সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন।
পরে আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, বাঙালি জাতিসত্তার বিকাশে এর অবদান, মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম ভাষা শহীদদের স্মরণ করেন এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের অবদান তুলে ধরেন। তিনি মাতৃভাষা বাংলার চর্চা ও প্রসার, বিশ্বের অন্যান্য ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং বহুভাষা শিক্ষার গুরুত্বের ওপর জোর দেন। এসময় তিনি ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং শিক্ষার, পরিচয়ের, কল্যাণ ও সমাজে অংশগ্রহণের কেন্দ্রবিন্দু হিসেবে শিক্ষাব্যবস্থায় প্রতিটি শিক্ষার্থীর ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেনমার্কের বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব শেখ ওয়াজিউল্লাহ। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
এসএসএইচ