লিসবনে হাফ ম্যারাথনে আবারও বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন জ্যাকব কিপলিমো

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ৩৫তম লিসবন হাফ ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন উগান্ডার ২৫ বছর বয়সী দৌড়বিদ জ্যাকব কিপলিমো। ২১.০৯৭৫ কিলোমিটারের এই দৌড় তিনি শেষ করেন মাত্র ৫৭ মিনিট ২০ সেকেন্ডে, যা আগের বিশ্বরেকর্ডের চেয়ে ১০ সেকেন্ড দ্রুত।
এর আগে এই রেকর্ডটি ছিল ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচার দখলে। ২০২৪ সালের ২৭ অক্টোবর স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ৫৭ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। দুই বছরের কম সময়ের ব্যবধানে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন কিপলিমো।
লিসবনের এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় কিপলিমোর পর দ্বিতীয় হয়েছেন কেনিয়ার নিকোলাস কিপকোরির; তাঁর সময় লেগেছে ৫৮ মিনিট ০৮ সেকেন্ড। তৃতীয় হয়েছেন আরেক কেনিয়ান গিলবার্ট কিপ্রোটিচ, তার সময় ৫৮ মিনিট ৫৯ সেকেন্ড।
এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় কিপলিমো ৫৬ মিনিট ৪২ সেকেন্ডে হাফ ম্যারাথন শেষ করেছিলেন। সেটি বিশ্বরেকর্ডের চেয়ে ৪৮ সেকেন্ড কম হলেও দৌড়ে ‘পেসিং কার’-এর সহায়তা নেওয়ায় আন্তর্জাতিক অ্যাথলেটিক্স সংস্থা সেই সময়কে বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।
জ্যাকব কিপলিমো আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে ইতোমধ্যেই উজ্জ্বল সাফল্যের অধিকারী। তিনি ২০২০ টোকিও অলিম্পিকের ১০ হাজার মিটার ইভেন্টে এবং ২০২২ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন। এছাড়া তিনি শিকাগো ম্যারাথনের বর্তমান চ্যাম্পিয়ন।
লিসবন হাফ ম্যারাথনের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৯৯৮ সালে পর্তুগালের কিংবদন্তি দৌড়বিদ আন্তোনিও পিন্টো এখানে ৫৯ মিনিট ৪৩ সেকেন্ডের সেরা সময় গড়েছিলেন। ২০০০ সালে কেনিয়ার পল টারগাট লিসবনেই সেই সময় উন্নত করে ৫৯ মিনিট ০৬ সেকেন্ড করেন। তবে উচ্চতাজনিত কারিগরি পার্থক্যের কারণে তখনকার রেকর্ডগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। ২০০৪ সাল থেকে ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’ আনুষ্ঠানিকভাবে হাফ ম্যারাথনের বিশ্বরেকর্ড স্বীকৃতি দেওয়া শুরু করে। এরপর ২০১০ সালে লিসবনেই ইরিত্রিয়ার জারসেনাই তাদেসে ৫৮ মিনিট ২৩ সেকেন্ডে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন।
অন্যদিকে, নারী বিভাগে হাফ ম্যারাথনের বর্তমান বিশ্বরেকর্ডটি ইথিওপিয়ার লেটেসেনবেত গিডের দখলে। ২০২১ সালের ২৪ অক্টোবর ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১ ঘণ্টা ২ মিনিট ৫২ সেকেন্ডে তিনি এই রেকর্ড গড়েন।
বিশ্বমানের দৌড়বিদদের কাছে অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে এবারের জয়ে লিসবনের মাটিতে নতুন ইতিহাস লিখলেন জ্যাকব কিপলিমো।
এমএন