ফিনল্যান্ডে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ফিনল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী হেলসিংকি ও এস্পোসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ কেন্দ্রীয় জামে মসজিদ, হেলসিংকিরর উদ্যোগে রইহুপেলতো এলাকায় তিনটি পৃথক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে প্রতিটি জামাতই ছিল প্রাণবন্ত। এসব জামাতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য চিত্র ফুটে ওঠে।

অন্যদিকে, এস্পো মুসলিম সেন্টারের আয়োজনেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরিবার-পরিজনসহ অনেকে অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এছাড়া হেলসিংকি মাইল্লিপুরো এলাকার এরিনা সেন্টারেও একাধিক জামাত অনুষ্ঠিত হয়, যেখানে নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও এই উৎসব মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।
বিজ্ঞাপন
এমএন