কাজা রোজা দ্রুত শেষ করার আহ্বান মসজিদে নববীর ইমামের

শাবান মাস শেষ হওয়ার আগেই পূর্ববর্তী রমজানের কাজা রোজা আদায়ের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ বুয়াইজান। তিনি বলেন, কোনো বৈধ কারণ ছাড়া কাজা রোজা আদায়ে দেরি করা শরিয়তসম্মত নয়।
এক বক্তব্যে শায়খ বুয়াইজান বলেন, পূর্ববর্তী কোনো রমজানের রোজার কাজা থাকলে, দ্রুত কাজা আদায় করে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, ফরজ ইবাদতের ক্ষেত্রে গাফলতি আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। তাই রমজান আসার আগেই প্রত্যেক মুসলমানের উচিত নিজের দায়িত্বগুলো পূর্ণ করা। কাজা রোজা আদায় করা ফরজের অন্তর্ভুক্ত, আর ফরজ কাজে অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শায়খ বুয়াইজান মুসলমানদের উদ্দেশে বলেন, সময় থাকতেই নেক আমলের দিকে অগ্রসর হতে হবে। তিনি বলেন, দায়িত্ব পালনে তাড়াহুড়া করা এবং সৎকর্মে এগিয়ে যাওয়াই একজন মুমিনের পরিচয়। এর মাধ্যমেই আল্লাহর রহমত লাভের আশা করা যায়।
সূত্র : ইনসাইড দ্য হারামাইন
এনটি