রমজান মাস যেভাবে সময়ের প্রতি যত্নশীল হতে শেখায়

সময়ের মূল্য নিয়ে যুগে যুগে প্রাচ্য ও পাশ্চাত্যের মনীষীরা বিভিন্ন মূল্যবান কথা বলে গেছেন। রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, মানুষ সম্পদ রক্ষায় যতটা সচেতন, সময় খরচে ততটাই অসতর্ক। অথচ সময় সম্পদের চেয়েও অনেক বেশি দামি।
আধুনিক জার্মানি থেকে শুরু করে মধ্যযুগের মুসলিম বিশ্ব, সবখানেই সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একজন মুমিনের জীবনে সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় পাঠশালা হলো পবিত্র রমজান মাস।
সময়ের গুরুত্ব ও মনীষীদের দর্শন
বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট সময়ের ব্যাপারে এতই কঠোর ছিলেন যে, তার বিকেলের হাঁটার সময় দেখে মানুষ নিজেদের ঘড়ি মিলিয়ে নিত। অন্যদিকে, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী (রা.) বলতেন, মানুষের জীবন হলো গুটিকয়েক মুহূর্তের সমষ্টি; একটি মুহূর্ত চলে যাওয়া মানে জীবনেরই একটি অংশ হারিয়ে যাওয়া।
ইমাম শাফেয়ি (রহ.) সময়কে তুলনা করেছেন ধারালো তলোয়ারের সঙ্গে। তিনি বলতেন, তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করো, তবে সময় তোমাকে শেষ করে দেবে।
মহানবী (সা.) এক হাদিসে সতর্ক করে বলেছেন, দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত; একটি হলো সুস্থতা এবং অন্যটি হলো অবসর বা সময়। পবিত্র কোরআনেও সুরা আসরের মাধ্যমে সময়কে সাক্ষী রেখে মানুষকে সতর্ক করা হয়েছে।
রমজান যেভাবে আমাদের রুটিন বদলে দেয়
একজন মানুষের অবহেলা বা অলসতায় সময়ের যে অপচয় ঘটে, রমজান তা আমূল বদলে দেয়। এই এক মাস আমাদের জীবনকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসে। বছরের অন্য সময়ে সময়ের ব্যাপারে কিছুটা উদাসীন থাকলেও রমজানে প্রতিটি সেকেন্ডের হিসাব রাখতে হয়।
সেহরি ও ইফতার: শৃঙ্খলার নতুন পাঠ
সেহরি ও ইফতারের সময়টুকু শুধু খাবার গ্রহণের মুহূর্ত নয়, বরং এটি চরম সময়ানুবর্তিতার প্রতীক। সেহরির নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার শেষ করা এবং ঠিক সময়ে ইবাদতে মশগুল হওয়া আমাদের নিয়মানুবর্তী করে তোলে। তেমনিভাবে সারা দিন তৃষ্ণার্ত থাকার পর ইফতারের ঠিক আগ মুহূর্তের যে অপেক্ষা তা আমাদের ধৈর্য ও সময়ের গুরুত্ব বোঝায়। ইফতারের পরপরই আবার মাগরিবের নামাজের তাগিদ আমাদের অলসতা কাটিয়ে কর্মঠ করে তোলে।
ইবাদত যেভাবে সময়ের সঠিক বিনিয়োগ
বস্তুবাদী চিন্তায় সময় মানেই যদি হয় টাকা তবে ইসলামের দৃষ্টিতে সময় মানেই ইবাদত। রমজান আমাদের শেখায় যে শুধু নামাজ-রোজা নয় বরং শরিয়তসম্মত যেকোনো ভালো কাজই ইবাদত। এই মাসে মানুষ গিবত, ঝগড়া বা অনর্থক কথা থেকে দূরে থাকে যা সময়ের অপচয় রোধ করার একটি চমৎকার মাধ্যম।
কোরআনের বর্ণনা অনুযায়ী পরকালে মানুষ আফসোস করে বলবে, হায়! যদি আর একটু সময় পেতাম তবে সব ভুল শুধরে নিতাম। প্রতি বছরই রমজান আমাদের সেই সুযোগটি মনে করিয়ে দেয়। তাই রমজানের এই সুশৃঙ্খল জীবন ও সময় সচেতনতা যেন শুধু এক মাসের জন্য সীমাবদ্ধ না থাকে, বরং বছরের বাকি এগারো মাসও যেন আমরা এই চর্চা ধরে রাখতে পারি, সেটিই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
এনটি