বিজ্ঞাপন

কিয়ামতের দিন পশু-পাখিদেরও কি বিচার হবে?

কিয়ামতের দিন পশু-পাখিদেরও কি বিচার হবে?

মানুষের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। তবে প্রাণী, পশু-পাখির মৃত্যু পরবর্তী জীবন নিয়ে স্পষ্ট তেমন কিছু না থাকলেও কিয়ামতের ময়দান এবং এরপরে তাদের অবস্থান নিয়ে হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে।

মানুষের মতো পশু-পাখিদেরও কিয়ামতের দিন একত্রিত করা হবে এবং শেষ বিচারের পর তারা মাটিতে পরিণত হবে। অর্থাৎ, প্রাণীও আল্লাহর সৃষ্টি। তারা মৃত্যুর পর বিলুপ্ত হবে না, বরং ন্যায়বিচারের জন্য পুনরায় উপস্থিত হবে। মানুষ যেমন চূড়ান্ত বিচারে পুরস্কার বা শাস্তি পাবে, তেমনি প্রাণীরাও তাদের হক পাবে। এরপর তারা মাটিতে মিশে যাবে। 

মানুষের মতো সব প্রাণী মৃত্যুর পর বারযখে অবস্থান করে। বারযখ বলতে বোঝায় মৃত্যু ও পুনরুত্থানের মধ্যবর্তী এক অদৃশ্য জগৎ, যেখানে আত্মা চূড়ান্ত হিসাবের আগ পর্যন্ত অবস্থান করে। অর্থাৎ প্রাণীরাও এই বারযখে থাকবে যতক্ষণ না আল্লাহ তাদের কিয়ামতের দিনে পুনরুত্থিত করেন।

কিয়ামতের দিন পুনরুত্থানের পর মানুষ ও জিনদের পাশাপাশি পশু-পাখিদেরও হিসাব নেয়া হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন যে কিয়ামতের দিন সব প্রাণী, চতুষ্পদ জন্তু এবং পক্ষীকুলকেও পুনরুজ্জীবিত করা হবে এবং আল্লাহ তায়ালা এমন সুবিচার করবেন যে কোনো শিং-বিশিষ্ট জন্তু কোনো শিংবিহীন জন্তুকে দুনিয়ায় আঘাত করে থাকলে এ দিনে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন তাদের পারস্পরিক অধিকার ও নির্যাতনের প্রতিশোধ নেওয়া সমাপ্ত হবে, তখন আদেশ দেওয়া হবে : 'তোমরা সব মাটি হয়ে যাও।' অতঃপর সব জন্তু তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে। এ সময় কাফিররা আক্ষেপ করে বলবে, 'হায় আফসোস! আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম।’ (মুসলিম, হাদিস : ২৫৮২)। 

তবে পশু-প্রাণীর জান্নাত-জাহান্নাম হবে না। বিচার পর্যন্তই শেষ। কারণ, জান্নাত-জাহান্নাম শুধু মানুষ ও জিনের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব’। (সুরা সাজদাহ, আয়াত : ১৩)। 

এনটি

বিজ্ঞাপন