ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজটি খেলতে পারেননি তাসকিন আহমেদ। মূলত ইনজুরির কারণে দলে ছিলেন না টাইগার এই পেসার। গোড়ালির সেই চোটের জন্য গেল রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন সেই খবর।
বিজ্ঞাপন
দেশ ছাড়ার পর গেল ২৯ এবং ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাসকিন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানিয়েছেন, 'দুইজন স্পোর্টস ফিজিশিয়ান দেখিয়েছে তাসকিন, এরপর আজ আরও একজন আজকে দেখানো হবে। এরপর তিন জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'

এর আগে জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে। এখন দেখার বিষয় লন্ডনের চিকিৎসকরা কী পরামর্শ দেন টাইগার পেসারকে।
এর আগে দেশ ছাড়ার সময় তাসকিন লেখেন, 'আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।'
বিজ্ঞাপন
এসএইচ/এফআই
