বিজ্ঞাপন

শেষ ওভারের থ্রিলার জিতে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর

শেষ ওভারের থ্রিলার জিতে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর

সহজ ক্যাচ হাতছাড়া, শেষ মুহূর্তে সেঞ্চুরি বঞ্চিত আয়ুশ মহাত্রে ও শেষ ওভারে নো বলে ছয় মিলিয়ে দুর্দান্ত এক থ্রিলার ম্যাচ ‍উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। যেখানে শেষ পর্যন্ত বেঙ্গালুরুই শেষ হাসি হেসেছে। শেষ বলের এই রোমাঞ্চকর জয়ে যশ দয়ালের যেমন অবদান ছিল, তেমনি প্রথম ইনিংসে তাদের বড় পুঁজি পেতে ভূমিকা রাখে বিরাট কোহলি ও রোমারিও শেফার্ডদের ব্যাটিং তাণ্ডব।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল (শনিবার) আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিল চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে। ফলে হার মানতে হয় ২ রানে।

Romario Shepherd clattered 53* off only 14 balls, Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, IPL 2025, Bengaluru, May 3, 2025

টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বেঙ্গালুরুর শুরুটা ছিল আগুনে মেজাজের। দুই ওপেনার কোহলি ও বেথেল ঝড় তুলেছেন প্রতিযোগিতা করে। ৯.৫ ওভারে তাদের সেই জুটি ভাঙে বেথেলের বিদায়ে, ওই মুহূর্তে বেঙ্গালুরুর সংগ্রহ ৯৭ রান। তরুণ এই ইংলিশ ব্যাটার ৩৩ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন। কিছুক্ষণ পর ব্যাকওয়ার্ড পয়েন্টে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী কোহলিও। তার ৬২ রানের ইনিংসটি সাজান ৩৩ বলে ৫টি করে চার-ছক্কায়।

মাঝে নিয়মিত বিরতিতে তিনটি উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ার পথে শঙ্কায় পড়ে বেঙ্গালুরু। একে একে ফেরেন দেবদূত পাডিক্কাল (১৭), জিতেশ শর্মা (১১) ও অধিনায়ক রজত পাতিদার (৭)। শঙ্কা ছাপিয়ে একপ্রান্তে ঝড় তোলেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। আইপিএলের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন মাত্র ১৪ বলে। ৪টি চার ও ৬ ছক্কায় তিনি ৫৩ রান করেন। ফলে ২১৩ রানের বড় পুঁজি পেয়ে যায় বেঙ্গালুরু। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা।

Matheesha Pathirana struck thrice in his first three overs, Royal Challengers Bengaluru vs Chennai Super Kings, IPL 2025, Bengaluru, May 3, 2025

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরুই করেছিল চেন্নাই। যদিও শায়েক রশিদ ঠিক সঙ্গ দিতে পারেননি আয়ুশ মহাত্রেকে। রশিদ ১৪ এবং তার পরই ৫ রানে আউট স্যাম কারান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১১৪ রানের জুটি গড়েন মহাত্রে ও জাদেজা। সহজ ক্যাচ হাতছাড়া হওয়ায় দ্বিতীয় জীবন পেলেও অবশ্য মহাত্রে প্রথম আইপিএল সেঞ্চুরিটি পাননি। তার ইনিংসটি থামে ৬ রানের (৯৪) আক্ষেপ নিয়ে। তিনি ৪৮ বলের ইনিংস সাজান ৯টি চার ও ৫ ছক্কায়। শেষ পর্যন্ত অপরাজেয় লড়াই চালানো জাদেজার ব্যাটে আসে ৭৭ রান। ৪৫ বলে তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।

শেষ ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫ রান। দারুণ দুটি লো ফুল টসে ২ রান দিয়ে তৃতীয় বলেই মহেন্দ্র সিং ধোনিকে (১২) ফেরান দয়াল। বেঙ্গালুরুর হার প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল তখন। তবে সেই সমীকরণ পাল্টাতে সময় লাগেনি। পরের ডেলিভারিতেই হাই-নো বলে ছয় হাঁকান শিভাম দুবে। তবে ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দুই বলে ২টি সিঙ্গেলের বেশি দেননি দয়াল। এর আগে ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়ে চেন্নাইকে প্রথম দফায় হারান লেগস্পিনার সুয়াশ শর্মা। শেষ পর্যন্ত আইপিএলের সফল দলটিও হারে ২ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর পক্ষে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

Image

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আবারও আইপিএলের শীর্ষে উঠল বেঙ্গালুরু। কার্যত কোহলি-পাতিদারদের প্লে-অফ প্রায় নিশ্চিত। তবে কিছু খাতা-কলমের হিসাব বাকি। সমান ১৪ পয়েন্ট নিয়ে এর পরের দুই স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাই ও রাজস্থান রয়্যালসের।

এএইচএস