চূড়ান্ত সূচি ঘোষণার আগেই জানা গেল ভারত-পাকিস্তান ম্যাচ কবে

আরেকটি আইসিসি ইভেন্ট, আবারো ভারত-পাকিস্তান একই গ্রুপে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে কলম্বোতে। আজ (মঙ্গলবার) মুম্বাইয়ে আইসিসি এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করবে। তার আগেই জানা গেল ভারত-পাকিস্তান ম্যাচ কবে।
চলতি বছরের এশিয়া কাপে দুই দলের উত্তপ্ত লড়াইয়ের পর প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ভারতের এই তৃতীয় গ্রুপ ম্যাচ হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে। জানা গেছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে। উদ্বোধনী দিনের এই ম্যাচের পর স্বাগতিকরা দিল্লিতে ১২ ফেব্রুয়ারি খেলবে নামিবিয়ার সঙ্গে। গ্রুপের শেষ ম্যাচে ভারত ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো ও ক্যান্ডিতে। গত বছরের মতো এবারো ২০ দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। চার দলের প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে চারটি করে দল দুটি গ্রুপে ভাগ হবে। সুপার এইটের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে।
ভারত গ্রুপ পর্ব পার করলে তিনটি সুপার এইট ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। তারা যদি সেমিফাইনালে ওঠে, সেই ম্যাচ হবে মুম্বাইয়ে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ওপর নির্ভর করে আইসিসি সেমিফাইনাল ভেন্যু হিসেবে কলম্বো কিংবা কলকাতাকে বিবেচনায় রেখেছে। ফাইনাল হবে আহমেদাবাদে, যদি পাকিস্তান শিরোপার লড়াইয়ে ওঠে, তবে সেই ম্যাচ হবে কলম্বোতে।
আসন্ন বিশ্বকাপে ভারত, পাতিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অন্য দলগুলো হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও আরব আমিরাত।
ভারত বর্তমান চ্যাম্পিয়ন। বার্বাডোজে আগের আসরে তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারায়।
এফএইচএম/