ধোনি যে কারণে কখনো ধারাভাষ্যকার হতে চান না

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনো আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ছাড়ার পর অনেক তারকাকেই ধারাভাষ্য দিতে দেখা যায়। তবে ধোনিকে সেই রূপে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ভারতের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ধারাভাষ্যকারদের কিছু কিছু মন্তব্য তিনি পছন্দ করেন না। তা ছাড়া ধারাভাষ্য দেওয়ার মতো দক্ষতাও তার নেই। পাশাপাশি, ফোন ব্যবহার না করার কারণও জানিয়েছেন ধোনি।
সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে ধোনি বলেছেন, “ধারাভাষ্য দেওয়া খুব কঠিন। আমার মনে হয়, খেলার বর্ণনা করা এবং তা করতে গিয়ে যারা খেলাটা খেলছে তাদের সমালোচনা করা, এর মাঝে একটা সূক্ষ্ম রেখা রয়েছে। অনেকেই সেটা বোঝে না। কীভাবে খেলার বর্ণনা করবেন সেটাও এক শিল্প। খুব সাবধানে বর্ণনা করতে হবে, যাতে কারও না মনে হয় তাকে আক্রমণ করা হচ্ছে। যদি কোনো দল হারে তার নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কাউকে আঘাত না করে সেটা বর্ণনা করার দক্ষতা থাকা দরকার। এটাই ধারাভাষ্যের আসল শিল্প।”
ধোনি জানিয়েছেন, সংখ্যার সঙ্গে তার যোগাযোগ সেভাবে নেই। ফলে ধারাভাষ্যের বক্সে তাকে একেবারেই মানাবে না। ধোনির কথায়, “আমি পরিসংখ্যানে ভালো নই। অনেকেই আছেন যাদের কাছে পরিসংখ্যান ঠোঁটের গোড়ায় থাকে। ওরা সব জানেন। আমাকে নিজের পরিসংখ্যান জিজ্ঞাসা করলেই বলতে পারব না। তবে অনেকেই রয়েছেন যারা শুধু ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেটারদের নয়, গোটা একটা যুগের সবার পরিসংখ্যান জানেন।”

ক্রিকেটজীবন এবং তারপর কখনোই ধোনিকে ফোন ব্যবহার করতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও শতহস্ত দূরে তিনি। ধোনি জানিয়েছেন, তিনি ভালো কথা বলতে পারেন না বলেই ফোন থেকে দূরে থাকতে ভালোবাসেন। ধোনির কথায়, “আমি ভালো কথা বলতে পারি না। আমি উল্টো দিকে বসে লোকের কথা শুনতে ভালবাসি। ফোনে কথা বলতেও স্বচ্ছন্দ নই। কারণ উল্টো দিকের মানুষটার মুখ দেখতে পাই না। চেয়েছিলাম এই বিষয়টায় নজর দিতে। সেভাবে পারিনি।”
ধোনির মতে, শুধু ফোন নয়, সামনাসামনিও তিনি বলার চেয়ে শুনতে বেশি ভালোবাসেন। নিজেকে ‘ভালো শ্রোতা’ বলেও বর্ণনা করেছেন তিনি। ধোনির কথায়, “আমি পছন্দের মানুষদের সঙ্গে কথা বলি ঠিকই। কিন্তু শুনতে বেশি ভালোবাসি। কোনো বিষয় না জানলে তা নিয়ে কথা বলতে ভালোবাসি না। চুপ করে থাকলে অনেক কিছু জানা যায়।”
এফআই