পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় অধিনায়ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় পাকিস্তান। ভারতও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেনস ডে’তে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারির মহারণে পাকিস্তান না নামলেও ভারত তৈরি থাকবে বলেই জানালেন টিম ইন্ডিয়া কাপ্তান। এই ইস্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে সূর্যকুমার জানিয়ে দিলেন, “আমরা তো কখনও খেলব না বলিনি।”
ভারতীয় অধিনায়কের সাফ কথা, “ওরা খেলতে চাইছে না। আমরা তো খেলব না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যদি পাকিস্তান ভারত-ম্যাচ বয়কট করে তাহলে সাক্ষাৎ হবে না দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আঘার। বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস ডে’তেও দেখা হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের অধিনায়কের। আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আজ (বৃহস্পতিবার) অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল।

নিয়ম মেনে সব অধিনায়ককে সেখানে উপস্থিত থাকতে হয়। কিন্তু এবার ২০ দেশের অধিনায়কের একসঙ্গে বৈঠক হয়নি। তাদের দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। এক ব্যাচ সংবাদ সম্মেলন করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কার কলম্বোতে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আর এক ব্যাচ সাংবাদিক বৈঠক করেন ভারতের মুম্বাইয়ে। সেখানে ছিলেন স্বাগতিক অধিনায়ক সূর্যকুমার।
বিশ্বকাপের আগে মুম্বাইয়ে ‘ক্যাপ্টেনস ডে’তে সূর্যকুমার নিজ দলের পরবর্তী পরিকল্পনাও বলে দিলেন, “প্রথমে আমরা এখানে খেলব। তারপর দিল্লি যাব। সেখান থেকে কলম্বো যাব।” আর তার সঙ্গে পাকিস্তানকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না সূর্য। ভারত অধিনায়কের টিপ্পনি, “ওদের সিদ্ধান্ত তো আর আমার হাতে নেই।”
বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবেন সূর্যকুমাররা। তারপর ১৫ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ হওয়ার কথা। তবে পাকিস্তান এই ম্যাচ বয়কট করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। সালমান আগারা না নামতে চাইলেও, সূর্যরা নামবেন। এরপর ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

ভারত-ম্যাচ বয়কট নিয়ে আরও একবার দেশের সরকারের হাতেই সিদ্ধান্ত ছেড়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা, “ভারত-ম্যাচ আমাদের হাতে নেই। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাকে সম্মান জানাই। সরকার যা বলবে সেটাই মানব।” যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তাহলেও সরকারের সিদ্ধান্ত মেনেই তারা চলবেন বলে জানিয়েছেন সালমান। তিনি বলেন, “আবারও বলছি, আমাদের হাতে কিছু নেই। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের সামনে পড়ি, তাহলেও সরকার যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব।”
তাহলে কি এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে বঞ্চিত হবেন দর্শকরা? জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, “আরও তিনটি ম্যাচ তো আছে। সেগুলোর মজা নেবে সকলে।” অধিনায়ক হিসেবে নিজের প্রথম বিশ্বকাপে নামছেন সালমান। অতীত মনে রাখতে চাইছেন না তিনি। সালমান বলেন, “হ্যাঁ, আগের বিশ্বকাপে আমরা আমেরিকার কাছে হেরেছিলাম। কিন্তু এবার নতুন বিশ্বকাপ। পুরনো কথা মনে রাখছি না। প্রথ বার অধিনায়ক হিসাবে বিশ্বকাপে নামছি। ভালো ফল করার চেষ্টা করব।”
এফআই