বিশ্বকাপজয়ী সতীর্থরা জাতীয় দলে খেললেও ‘অধিনায়ক’ বাইরে, যা বললেন আকবর

২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অধিকাংশ ক্রিকেটার এখন জাতীয় দলে খেলছেন। তবে সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকবর আলি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের স্বাদ পাননি। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই তার, রয়েছেন সুযোগের অপেক্ষায়। গতকাল (বৃহস্পতিবার) অদম্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভালো শুরু পেয়েও ব্যর্থ হন দুরন্ত’র অধিনায়ক আকবর।
পরে সংবাদ সম্মেলনে জাতীয় দলে সুযোগ না পাওয়া এবং নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘(আমি) প্লেয়ার হিসেবে খেলি। আমিও চেষ্টা করি ব্যাট হাতে আরও যত অবদান রাখা যায়। এনসিএল আলহামদুলিল্লাহ ভালো গেছে। বিপিএলে কম সুযোগ পেয়েছি। তবে চেষ্টা করব যতটা সুযোগ কাজে লাগানো যায়।’
আকবরের বিশ্বকাপজয়ী দলের সতীর্থ তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, তানজিম সাকিবসহ দুয়েকজন বাদে বাকিরা এখন জাতীয় দলে। এ প্রসঙ্গে আকবর বলেন, ‘(হাসি) তারা আমার থেকে ভালো করেছে বলেই সেখানে আছে। আমি হয়তো সেভাবে ভালো করতে পারিনি, তাই এখানে আছি। আমি যদি আরেকটু ভালো করতে পারি ইনশাআল্লাহ আমারও সুযোগ হবে (জাতীয় দলে), অবশ্যই ব্যাটিংয়ে ভালো করতে হবে।’

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানান, ‘সবাই ভালো ব্যাট করতে চায়। সাদা বলে আমার মনে হয় না কারও ব্যাটিং অর্ডার ফিক্স থাকে। ওয়ানডেতেও এখন অনেক শাফল হয়। আধুনিক ক্রিকেট এভাবেই চলছে। এটাকে অজুহাত দেখানোর সুযোগ নেই। তারা অনেক ভালো ব্যাট করেছে। আমরা বোলিং ইউনিট হিসেবে প্রপার এক্সিকিউশন করতে পারিনি, রিপন (মণ্ডল) হোক (নাহিদ) রানা হোক। যদি আরেকটু ভালো করতে পারতাম বোলিংয়ে তারা এত সহজে জিততে পারত না।’
এসএইচ/এএইচএস