হেটমায়ার ঝড়ে স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুটা ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিবর্ণ ছিল তারা। শেষ পর্যন্ত শিমরন হেটমায়ার ঝড় এবং শেরফানে রাদারফোর্ড ও রভম্যান পাওয়েলের ক্যামিওতে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু করে চার মেরে। কভার দিয়ে ব্রেন্ডন ম্যাকমুলেনের বল বাউন্ডারির বাইরে পাঠান ব্র্যান্ডন কিং। তার সঙ্গে ক্রিজে ছিলেন শাই হোপ। দুজনে মিলে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। পাওয়ার প্লের শেষ দুই ওভারে আসে মাত্র ৬ রান। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩৩ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ পরের ওভার থেকে মারকুটে।
সপ্তম ওভারের প্রথম বলে ছক্কা, তারপর টানা দুটি চার মারেন কিং। ওই ওভারে আসে ১৭ রান। নবম ওভারে হোপকে থামান লিস্ক। ২২ বলে মাত্র ২ চারে ১৯ রান করেন ক্যারিবিয়ান ব্যাটার। পরের ওভারে কিংকেও হারায় উইন্ডিজ। ৩০ বলে চারটি চার ও এক ছয়ে ৩৫ রান করেন তিনি।
হেটমায়ার ও রভম্যান পাওয়েল রানের গতি বাড়ান। ১১, ১২ ও ১৩ ওভারে তাদের পাঁচটি ছক্কা ও দুটি চারে আসে ৪৯ রান। হেটমায়ার ছিলেন মারকুটে। ২২ বলে ১৪তম ওভারে ফিফটি করেন তিনি।
এরপর থমকে গিয়েছিল রানের গতি। ১৭তম ওভারে তিন চার মেরে ১৪ রান তুলে ছন্দ ফেরান হেটমায়ার ও রাদারফোর্ড। শেষের আগের ওভারের শেষ বলে হেটমায়ার থামেন। ৩৬ বলে ২ চার ও ৬ ছয়ে ৬৪ রান ছিল তার ব্যাটে। শেষ ওভারের প্রথম বলে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংস থেমে যায়। রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা মেরে দলীয় স্কোর ১৮০ পার করেন।
এফএইচএম/