যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়ালেও ভারতই জিতল

দারুণ বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন কাঁপছিল। সূর্যকুমার যাদব ত্রাতা হয়ে উঠলেন। ভারতের অধিনায়ক ব্যাট হাতে বিপর্যয় সামলে নিলেন এবং যুক্তরাষ্ট্রকে ১৬২ রানের লক্ষ্য দিলেন। তারপর বোলারদের নৈপুণ্যে আমেরিকাকে ৮ উইকেটে ১৩২ রানে আটকে ২৯ রানের জয়ে বিশ্বকাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
মুম্বাইয়ে আগে ব্যাটিং করে সূর্যকুমারের অপরাজিত ৮৪ রানে ভারত করে ১৬১ রান। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে রক্ষা করেন তিনি। বোলিংয়ে শুরুতেই মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং যুক্তরাষ্ট্রকে ধাক্কা দেন।
১৩ রানে ৩ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু বরুণ চক্রবর্তী ৫৮ রানের জুটি ভেঙে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন।
মিলিন্দ ৩৪ রান করেন। কৃষ্ণমূর্তি করেন ৩৭ রান। এই যৌথ সর্বোচ্চ রান আসে শুভম রঞ্জনের ব্যাটেও।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সিরাজ। দুটি করে পান আর্শদীপ ও অক্ষর প্যাটেল।
তার আগে ভারত পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। অভিষেক শর্মা, তিলক ভার্মাদের ব্যর্থতা ভুলিয়ে দেন সূর্য। তার দারুণ ইনিংসই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। ৪৯ বলের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরাও সূর্য।
এফএইচএম/এসএমডব্লিউ