বিজ্ঞাপন

দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের রায় পেলেন ফখর

অ+
অ-
দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের রায় পেলেন ফখর

বল টেম্পারিং মামলায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় ফখর জামানকে। লাহোর কালান্দার্সের পাকিস্তানি ব্যাটার এই  শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন। পাকিস্তান সুপার লিগের টেকনিক্যাল কমিটি তার আপিল খারিজ করে দিয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার করাচি কিংসের বিপক্ষে কালান্দার্সের চার উইকেট হারের ম্যাচে লিগের আচরণবিধি ভঙ্গ করেন ফখর। ৩৫ বছর বয়সী ব্যাটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। দোষী সাব্যস্ত হওয়ায় মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাকে নিষিদ্ধ করা হয়। এই শাস্তির বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ করেন। পিএসএল টেকনিক্যাল কমিটি আবার ঘটনার পর্যবেক্ষণ করে আগের সিদ্ধান্ত বহাল রেখেছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আর আপিলের সুযোগ নেই। তারা বলেছে, ‘আচরণবিধি অনুসারে, পিএসএল টেকনিক্যাল কমিটির নেওয়া কোনো সিদ্ধান্ত পূর্ণ ও চূড়ান্ত বলে গণ্য হবে এবং সব পক্ষকে সেটা মানতে হবে।’

বিজ্ঞাপন

পিসিবির বিবৃতিতে পরিষ্কার, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। মানে তাকে আরোপিত শাস্তি কার্যকর থাকবে এবং আসন্ন দুটি ম্যাচে খেলতে পারবেন না ফখর।

ঘটনা ঘটে করাচির ইনিংসের শেষ ওভারের আগে, যখন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৪ রান। ওই ওভারের আগে লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর ও রউফ একত্রিত হন। বল নিয়ে নাড়াচাড়া করতে করতে কথা বলার এক ফাঁকে বলে নখ দিয়ে আঁচড় কাটতে থাকেন ফখর।

আম্পায়ার ফয়সাল আফ্রিদি রউফের কাছ থেকে বল চেয়ে নেন এবং পরীক্ষা করেন। আরেক আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে কথা বলার পর দুই আম্পায়ারই বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে বল বিকৃতির অভিযোগ এনে ফিল্ডিং দলকে পাঁচ রান জরিমানা করেন তারা। করাচির স্কোরবোর্ডে যুক্ত হয় পাঁচ রান। তাতে শেষ ৬ বলে দরকার ছিল ৯ রান। তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

বিজ্ঞাপন

এফএইচএম/