অবিস্মরণীয় দিনে অবাঞ্ছিত বিপদে ইতালি

স্কটল্যান্ডকে কোয়ালিফায়ারে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে খেলার সুযোগ পেয়েছে ইতালি। বাংলাদেশের পরিবর্তে জায়গা পাওয়া সেই স্কটিশদের বিপক্ষেই বিশ্বকাপে অভিষেক হলো তাদের। ফল যাই হোক না কেন, দিনটি তাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এমন দিনে দুঃসংবাদ পেল তারা।
ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিং নেয় ইতালি। অধিনায়ক ওয়েন ম্যাডসেন এই দফায় জিতলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে জর্জ মানসির মিড অন দিয়ে মারা বাউন্ডারি আটকাতে বাঁ দিকে ডাইভ দেন তিনি, কিন্তু অভিজ্ঞতা ভালো হয়নি। ইডেন গার্ডেন্সের একটি অনুশীলন পিচের ওপর বেকায়দায় পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকেন।

পরে ফিজিও দ্রুত এসে ম্যাডসেনকে সাহায্য করেন। ইতালি অধিনায়ক হাত সোজা করতে পারেননি। ডান হাত দিয়ে বাঁ হাত চেপে ধরে মাঠ ছাড়েন। পরিস্থিতি বেশ আশঙ্কাজনক ছিল। ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ দেন নতুন খবর। যে শঙ্কা করা হয়েছিল, তাই সত্যি হলো। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জানান, ৪২ বছর বয়সী ক্রিকেটারের কাঁধের হাড় সরে গেছে এবং স্কটল্যান্ড ম্যাচের বাকি অংশে খেলা হচ্ছে না তার। এমনকি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।
এফএইচএম/