ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আমিরাতকেও পাশে পেল না পাকিস্তান

ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে মাঠে না নামার নির্দেশ দেন। তবে ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে। লাহোরে গতকাল আইসিসির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের ইউটার্ন নেওয়ার আভাস মিলছে। এবার এমিরেটস ক্রিকেট বোর্ডও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের অবস্থান নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নাকভিকে চাপে রাখল।
এনডিটিভি জানতে পেরেছে, পিসিবিকে একটি ইমেইল পাঠিয়েছে আমিরাতের ক্রিকেট বোর্ড। সেখানে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আমিরাতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ মাঠে না গড়ালে বিশ্বজুড়ে এর আর্থিক প্রভাব পড়বে।
পিসিবিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘ সম্পর্ক। অতীতেও আমরা আমাদের ভেন্যু দিয়ে ও ক্রিকেট ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম।’
সেখানে আরও বলা হয়েছে, ‘ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ক্রিকেট ও অনেক সদস্য দেশকে বিপদে ফেলবে, বিশেষত সহযোগী দেশগুলো আর্থিকভাবে ভোগান্তিতে পড়বে। পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজতে অনুরোধ করছি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করাতে এমিরেটস ক্রিকেট বোর্ড থেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিনিধিত্ব করছেন জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি।
গতকাল লাহোরে পিসিবি ও আইসিসি এই সংকট নিরসনে বৈঠক করে। সেখানে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন। নাকভি জানান, তিনটি দাবি পূরণ করলে এই ম্যাচ খেলার কথা ভাববে পিসিবি। তার আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সিদ্ধান্ত জানতে চায় তারা। চার ঘণ্টার ওই বৈঠক শেষে ইতিবাচক কিছু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে পাকিস্তানের সব ম্যাচের আয়োজক দেশ শ্রীলঙ্কাও তাদেরকে ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ করে। এই ম্যাচ না হলে আর্থিকভাবে তারাও ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছিল।
এফএইচএম/