ভারতের বিপক্ষে ম্যাচের আগে নামিবিয়ার অভিযোগ

ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে অনুশীলন সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নামিবিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে ম্যাচ হলেও রাতের অনুশীলনের সুযোগ না পাওয়ায় আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির অধিনায়ক জেরার্ড ইরাসমাস।
ইরাসমাস বলেন, ‘‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুটি রাতের অনুশীলন সেশন ছিল। এমনকি কানাডাকেও রাতের অনুশীলন করতে দেখা গেছে। অথচ নামিবিয়াকে সে সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি বিস্ময়কর।’’
নেদারল্যান্ডসের বিপক্ষে দিনের ম্যাচ খেলার পর নামিবিয়া পরের দুই দিনও দিনে অনুশীলন করে। অথচ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে সম্পূর্ণ রাতের আলোতে। ইরাসমাস জানান, এই বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, নামিবিয়ায় ফ্লাডলাইট সুবিধা নেই। ফলে রাতের ম্যাচ খেলার অভিজ্ঞতাও সীমিত।
তিনি বলেন, নেপাল প্রিমিয়ার লিগ, আইএলটি–টোয়েন্টি বা বিশ্বকাপে যারা খেলেছে, তারাই মূলত আলোতে খেলার অভিজ্ঞতা পেয়েছে। অন্যদের জন্য বিষয়টি সহজ নয়।
আইসিসি অবশ্য অভিযোগ নাকচ করেছে। সংস্থাটি জানায়, ২৭ জানুয়ারি সব দলের অনুশীলন সূচি আগেই জানানো হয়েছিল। নামিবিয়ার রাতের অনুশীলনের অনুরোধ আসে খুব দেরিতে। তাই সূচি পরিবর্তন সম্ভব হয়নি।
আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব জিতে বিশ্বকাপে এসেছে নামিবিয়া। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপের মুখে রয়েছে তারা। ভারতের পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচই হবে দিনের আলোতে।
এমএমএম/