রাজা বললেন ‘অবিশ্বাস্য’, চাপের কাছে নতি স্বীকার হেডের

ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারও হারাল জিম্বাবুয়ে। অলরাউন্ড নৈপুণ্যে তারা সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে জিতেছে, যে অর্জনকে ‘অবিশ্বাস্য’ বললেন অধিনায়ক সিকান্দার রাজা। আর অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্র্যাভিস হেড বললেন, পাওয়ার প্লেতে উইকেট হারানোর পর চাপে পড়েই হার মানতে হয়েছে তাদের।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটাল জিম্বাবুয়ে। ২৩ রানে জেতার পর তাদের অধিনায়ক বললেন, ‘এটা একেবারে অবিশ্বাস্য। ১০ ওভারে ৭০, আমরা বলেছিলাম আমরা খুশি। কেউ একজন ড্রেসিংরুমে বলছি, ১৯০ হতে যাচ্ছে। আমি বললাম, না। ১৯০ রান করতে চাইলে ১৪০ রানে অলআউট হতে পারি। শ্রীলঙ্কায় আগের সফর থেকে বুঝেছিলাম যে উইকেট ধীরে ধীরে মন্থর হবে, সেখানে শুরু থেকে আক্রমণাত্মক হয়ে উঠলে ধস নামতো।’
ক্রিজে থাকা বেনেটকে বার্তা দিয়েছিলেন রাজা, ‘আমরা বেনিকে জানালাম, যে সে খুব ভালো করছে। সে যদি না মেরে খেলে ব্যাপার না। তার আতঙ্কিত হওয়ার কিছু নেই। সে মাঠে থাকলেই ভালো সংগ্রহ হবে। আমার মনে হয়েছিল ১৭৫ রান ভালো, যদিও শেষ দিকে অনেক ডট হয়েছে। পরে আমরা যেভাবে বল করলাম, যেমন শুরু হলো, যেভাবে ক্যাচ নিলাম এবং বাউন্ডারি থামালাম, এটা ছিল অবিশ্বাস্য।’
২০০৭ সালের প্রথম আসরেও জিম্বাবুয়ের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। আবারো হার মানতে হলো। হেড বললেন, ‘এটা ভালো উইকেট ছিল। পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে আমরা চাপে পড়েছিলাম। নিজেদেরকে চাপে ফেলে দিয়েছিলাম। রান রেটও বেড়ে যাচ্ছিল। মাঝে একটা ভালো জুটির সন্ধানে ছিলাম আমরা। কিন্তু উইকেট পড়তে থাকায় যা হওয়ার তাই হলো। এটা হতাশার, কিন্তু ক্রিকেট তো এমনই।’
এফএইচএম/