জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালেই শিরোপা জেতে ভারত, এবারো কি তাই?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেল জিম্বাবুয়ে। তাদের এই জয়ে ভারতের শিরোপা স্বপ্ন যেন জ্বলজ্বলে হয়ে উঠল। ইতিহাস বলছে, আফ্রিকান দেশটি অজিদের হারালে বিশ্বকাপ ট্রফি মিস হয় না ভারতের।
আজ (শুক্রবার) ব্যাটে-বলে দারুণ লড়াই করে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে তারা ২ উইকেটে ১৬৯ রান করে। জবাবে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় অজিরা। ১৭ রানে চার উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান।
জিম্বাবুয়ের এই জয় আফ্রিকান দেশটির জন্য গর্বের মুহূর্ত হলেও ভারতের জন্য মাহাত্ম্য বয়ে এনেছে। ওয়ানডে টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে এনিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে। আগের যে দুইবার অজিদের বিপক্ষে তারা জিতেছিল, প্রত্যেকবার ভারত ট্রফি নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম বিশ্বকাপ জয় ১৯৮৩ সালে ওয়ানডে সংস্করণে। নটিংহ্যামে ১৩ রানে জিতেছিল তারা। একই টুর্নামেন্টে কপিল দেবের নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারায় তারা।
দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হয় ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে প্রসপার উতসেয়ার দল রিকি পন্টিংয়ের অদম্য অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারায়। কেপ টাউনে তাদের সেই ঐতিহাসিক জয়ের পর ভারত জোহানেসবার্গের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায়।
এই আসরেও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভক্তরাও স্বপ্ন দেখতে শুরু করেছে— টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চলেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। তাদের আসল পরীক্ষা আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে।
এফএইচএম/