ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা কি এবার হাত মেলাবেন? সালমানের উত্তর...

জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের শত্রুতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, যা ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে দুই দলের খেলায় শুধু একে অন্যের মুখ না দেখানোই যেন বাকি ছিল!
ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই সবার নজর থাকে একটি ব্যাপারে— এবার কি হাত মেলাবেন দুই দলের খেলোয়াড়রা? টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচের আগেও একই প্রশ্ন শুনতে হলো পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে। তিনি কৌশলে উত্তর দিলেন।
গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান। দুই দেশের রাজনৈতিক বিরোধের জেরে একই ধারা চলেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স ম্যাচেও। মেয়েদের বিশ্বকাপেও দুই দেশের অধিনায়ক হাত মেলাননি। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই ঘটনা ঘটে। এবার কি এই রেষারেষির অবসান হচ্ছে! সালমান হ্যাঁ বা না বলেননি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক প্রশ্ন করেন— ভারত যদি হ্যান্ডশেক করতে প্রস্তুত থাকে, তাহলে কি সাড়া দেবেন সালমান?
সবাইকে অনুমানে রেখে সালমান এই প্রশ্নের উত্তর দিলেন। অবশ্যই হাত মেলাবেন বা একদমই নয়, এমন কিছু বলেননি তিনি, ‘আমরা কাল জানতে পারব।’
দুই দলের ক্রিকেটারদের খেলার ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর আহ্বান তার, ‘আমি আশা করব, শুরু থেকে যে চেতনা নিয়ে সবসময় খেলা হয়েছে, সেই একই চেতনা নিয়ে এবারো খেলা হবে।’
এফএইচএম/