অন্তত একজন ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি চাইছেন

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনিশ্চয়তায় কেটে গেছে কয়েক সপ্তাহ। শেষ পর্যন্ত কলম্বোতে আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচ না হলে যে বড় অঙ্কের আর্থিক লোকসানের আশঙ্কায় আইসিসি মাথায় হাত দিয়েছিল, তা কেটে গেলেও নতুন করে এই ম্যাচ মাঠে গড়ানোর ব্যাপারে ঘোরতর শঙ্কা তৈরি করেছে বৃষ্টির পূর্বাভাস।
ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসায় তারা হাঁপ ছেড়ে বেঁচেছিল। এখন তাদের কামনা, বৃষ্টিতে যেন ভেস্তে না যায় ম্যাচটি। কিন্তু অন্তত একজন চান ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাক।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী আগামীকালকের এই ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হোক, এই দোয়া করেছেন। ম্যাচ নিয়ে তার কাছে ভবিষ্যদ্বাণী জানতে চাইলে এ-স্পোর্টসকে বাসিত বলেছেন, ‘আমি দোয়া করি আল্লাহ যেন বৃষ্টিতে ম্যাচটা ভাসিয়ে দেন।’
পাকিস্তান ম্যাচে হেরে যাবে, এই ভয়ে কি তিনি এমন দোয়া করলেন? না, তার চাওয়া দুই দলই একটি করে পয়েন্ট পাবে। এজন্য এমন প্রার্থনা তার।
অ্যাকুওয়েদার এর পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কলম্বোর আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ। সারা দিনই এই অঞ্চলজুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা ৯ শতাংশে নামবে। অর্থাৎ, ম্যাচের সময় বৃষ্টি থাকবে না বললেই চলে। কিন্তু সারা দিনের অবিরাম বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকার কারণে দেরিতে ম্যাচ শুরু হতে পারে।
এফএইচএম/