এবার উসমান-নেওয়াজের বিদায়

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ সামলে ওঠার চেষ্টা চালান উসামান খান ও শাদাব খান। কিন্তু তাদের জুটি বড় করতে দেননি অক্ষর প্যাটেল। সাজঘরে ফিরলেন উসমান খান। আর পরের ওভারে আউট হন মোহাম্মহ নেওয়াজও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৮ রানে। এখন ব্যাট করছেন শাদাব খান ও ফাহিম আশরাফ।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। আর পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংস। শূন্য রানে ফারহান, ৬ রানে সাইম, ৪ রানে সালমান ও ৫ রানে বাবর আউট হন।
পঞ্চম উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেয় শাদাব-উসমান জুটি। কিন্তু জুটিটা খুব বেশি বড় হয়নি। দুজন মিলে তোলেন ৪১ রান। ৩৪ বলে ৪৪ রান করে স্ট্যাম্পিং হন উসমান। পরের ওভারে ৫ রান করে আউট হন মোহাম্মদ নেওয়াজ।
এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।
এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া।
এমএমএম/