সুপার এইটে পাঁচ দল, বাকি তিন জায়গার লড়াইয়ে কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ প্রান্তে। গতকাল (সোমবার) দারুণ এক জয়ে অস্ট্রেলিয়াকে খাদের কিনারায় ঠেলে পঞ্চম দল হিসেবে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। একই দিনে আফগানিস্তানের জয়ে দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করে শেষ আটের লড়াই।
সবার আগে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখে সুপার এইট নিশ্চিত করে। গতকাল ইতালির বিপক্ষে ঘাম ছুটে যাওয়া জয়ে পরের পর্বের টিকিট কেটেছে ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক ভারত তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেরা আটে উঠে গেছে।
বাকি তিনটি জায়গার জন্য হবে কঠিন লড়াই। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গী হওয়ার দৌড়ে আছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। আমেরিকা সবগুলো ম্যাচ খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে তিনে থাকা নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। নয়তো রান রেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হবে সালমান আগাদের।
‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে ওঠার লড়াইয়ে আছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে যে কোনো একটি ম্যাচ জিতলেই পরের পর্বে উঠবে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। অস্ট্রেলিয়া শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। ম্যাচটি তারা জিতলেও অন্য ফলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুটি দল চূড়ান্ত হয়ে গেছে— ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার হাতছানি নিউজিল্যান্ডের বেশি। তারা শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। ৪ পয়েন্ট কিউইদের, জিতলেই সুপার এইট। তবে আফগানিস্তানেরও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের হার চাইবে তারা এবং কানাডার বিপক্ষে জিততে হবে, সঙ্গে নেট রান রেটে এগিয়ে যেতে হিসাব নিকাশও করতে হবে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে তারা।
এফএইচএম/