বিতর্কিত বর্ণবাদে ম্লান রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আগের দেখায় ৪-২ গোলে জিতে রিয়াল মাদ্রিদকে সরাসরি শেষ ষোলোতে উঠতে দেয়নি বেনফিকা। লিসবনে সেই ম্যাচে উত্তাপ ছড়ায় মাঠের পারফরম্যান্স। তবে নকআউট প্লে অফে আবার যখন তারা মুখোমুখি হলো, তখন তা ম্লান করে দিলো বর্ণবাদের মতো নিন্দনীয় ঘটনা। বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। তারপর সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন। খেলা ১০ মিনিট বন্ধ ছিল।
প্রথম লেগে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় রিয়ালের ১-০ গোলে জয়ের আনন্দ চাপা পড়েছে। আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে পর্তুগিজদের স্বাগত জানাবে মাদ্রিদ ক্লাব।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস গোল করে এগিয়ে দেন রিয়ালকে। এস্তাদিও দা লুজে তারপর স্বাগতিক দর্শকদের সামনে আপত্তিকরভাবে গোল উদযাপন করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিছুক্ষণ পর তাকে নিয়ে কিছু একটা শুনে বিচলিত হয়ে পড়েন তিনি। তারপর ছুটে রেফারিকে জানান। পরে মাদ্রিদের ডাগআউটে চলে যান। খেলা বন্ধ রাখা হয় ১০ মিনিট।
এই সময়ে বেনফিকার কোচিং স্টাফের এক সদস্যকে বহিষ্কার করা হয়। ভিন্ন আরেকটি ঘটনায় হোসে মরিনহোকেও লাল কার্ড দেখান রেফারি।
পুনরায় খেলা শুরু হওয়ার পর আরও অপ্রীতিকর পরিস্থিতির দেখা মেলে। ভিনিসিয়ুসের পায়ে বল পড়লেই স্বাগতিক দর্শকরা তাকে দুয়ো শুনিয়েছে। খেলা বন্ধ থাকার সময় কিলিয়ান এমবাপেকেও বিচলিত থাকতে দেখা গেছে।
তিন সপ্তাহ আগে লিগ পর্বে গোলকিপার আন্তোলি ত্রুবিনের গোলে ২৪তম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল বেনফিকা। দ্বিতীয় সুযোগে তিনি প্রথমার্ধে রিয়ালকে আটকে রাখতে সফল হন।
ম্যাচটি জয়সূচক গোলটির ধরনের জন্য আলোচিত হওয়া উচিত ছিল। যখন ভিনিসিয়ুস বলটি পেয়ে পেনাল্টি এরিয়ার দিকে দ্রুত ছুটে যান, তখন গোল হওয়ার সম্ভাবনা কম ছিল। কিন্তু দূরপাল্লা থেকে তার বাঁকানো শটটি একটি অবিশ্বাস্যভাবে ত্রুবিনের অনেক ওপর দিয়ে গিয়ে পোস্টের ওপরের কোণায় আছড়ে পড়ে।
এই বিতর্কিত রাতের শেষ দিকে আরও কয়েকবার খেলা বন্ধ করতে হয়েছিল। শেষ মুহূর্তে স্বাগতিক সমর্থকরা রিয়াল খেলোয়াড়দের ওপর পানির বোতল ও অন্যান্য বস্তু বৃষ্টির মতো ছুড়তে থাকে।
এফএইচএম/