শিরোপা জয়ের দৌড়ে ফের হোঁচট খেলো আর্সেনাল

দ্বিগুণ লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল। নাটকীয় ম্যাচে তাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে উলভারহ্যাম্পটন। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে মিকেল আর্তেতার দল। তবে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে গানারদের ব্যবধান স্রেফ ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে যা তিনে নেমে আসবে।
প্রতিপক্ষের মাঠ মোলিনাক্স স্টেডিয়ামে গতকাল (বুধবার) রাতে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় আরেকটি গোল করলেও, বিপরীতে তারা দুটি গোল হজম করে। উলভসের শেষ গোলটি আসে গানারদের পা থেকে আত্মঘাতী অবদানে, যোগ করা সময়ের সেই গোল ২-২ সমতা নিয়ে আর্সেনালকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে। তাদের পক্ষে বুকায়ো সাকা ও পিয়েরো ইঙ্কাপিয়ে একটি করে গোল করেন। বিপরীতে উলভসের হুগো বুয়েনো এবং আর্সেনাল ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি আত্মঘাতী গোল করেন।
এ নিয়ে পরপর দুই ম্যাচে পয়েন্ট খোয়াল আর্সেনাল। ফলে ম্যানসিটির সঙ্গে তাদের শিরোপার লড়াই আরও জমে উঠেছে। ম্যাচ শেষে হতাশা ঝরেছে আর্সেনালের ইংলিশ তারকা ফরোয়ার্ড বুকায়ো সাকার কণ্ঠে, ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় বড় পার্থক্য ছিল। আমরা নিজেদের মান হারিয়েছি এবং তার শাস্তিও (পয়েন্ট হারানো) পেয়ে গেছি। এখন নিজেদের দিকে মনোযোগ দেওয়ার পালা, নিজেদের খেলার মান এবং পারফরম্যান্সে উন্নতি করতে হবে, এটি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

লম্বা সময় ধরেই চলতি মৌসুমের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে আর্সেনাল। চলতি মাসের একপর্যায়ে আর্তেতার দল ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়েও ছিল। কিন্তু পরপর দুই ম্যাচে ড্র চাপে ফেলে দিয়েছে গত তিন মৌসুমের লিগ রানার-আপদের। এবারও একইভাবে শিরোপা হাতছাড়া হবে কি না সেই শঙ্কাও তৈরি হয়েছে। অথচ পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান উলভসের, তারা এবারের প্রিমিয়ার লিগে স্রেফ এক ম্যাচ জিতেছে।

জয়ের দিকে চোখ রেখে এদিন মাত্র ৫ মিনিটেই আর্সেনাল লিড পায় সাকার হেডে দেওয়া গোলে, ৫৬ মিনিটে তাদের দ্বিতীয় গোলটি করেন পিয়েরো ইঙ্কাপিয়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুুকে নিচু হয়ে যাওয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নেন তিনি। পাল্টা লড়াইয়ে মিনিট পাঁচেকের মাথায় ব্যবধান কমায় স্বাগতিক উলভস। বক্সের মাথা থেকে বাঁকানো শটে গোল করেন হুগো বুয়েনো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টম এডোজির শট বারে লেগে ফিরলেও পাশে থাকা কালাফিওরির গায়ে লেগে বল আর্সেনালের জালে জড়ায়।
এএইচএস