নিষেধাজ্ঞা শঙ্কার মাঝে হান্ড্রেডে’র ড্রাফটে পাকিস্তানের ৬৭ ক্রিকেটার

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ অঘোষিত নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই গুঞ্জনের মাঝে হান্ড্রেডের ড্রাফটে দেশটির ৬৭ ক্রিকেটার নাম নিবন্ধনের কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যেখানে সাইম আইয়ুব, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ এবং নাসিম শাহ সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন।
এ ছাড়া পুরো তালিকায় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা, রহস্য স্পিনার উসমান তারিক–সহ তাদের বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগই আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এজেন্টের কাছে ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএল-সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহী নয়। এটিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একটি ‘অঘোষিত নিয়ম’ হিসেবে দেখা হচ্ছে, যার ফলে দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০ বা সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগেও (যেখানে ভারতীয় মালিকানা আছে) কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যায় না।
নতুন করে আজ (শুক্রবার) ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার দ্য হান্ড্রেডে নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।’
দ্য হান্ড্রেডের আটটি দলের মধ্যে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস মালিকদের নিয়ন্ত্রণাধীন। গত বছর ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির খেললেও এবার তাদের দল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। অতীতে শাহিন আফ্রিদি ও হারিস রউফের মতো তারকারাও এই টুর্নামেন্টে খেলেছেন। আগামী ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে হান্ড্রেডের। ১১ মার্চ হবে মেয়েদের প্রতিযোগিতার নিলাম।
এদিকে, পাকিস্তানি ক্রিকেটারদের দ্য হান্ড্রেডে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার আহবান জানিয়ে তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘বিষয়টি নিয়ে ইসিবির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তারা লিগটির কর্তৃপক্ষ এবং এরকম কিছুর অনুমোদন দেওয়া ঠিক হবে না…দেশের সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলায় এমন কিছু ঘটতে দেওয়া যাবে না।’
এএইচএস