‘বুঝজ্ঞান হওয়ার আগে বিয়ে হয়েছিল’ জানিয়ে বিচ্ছেদ ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

চার বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন ভারতীয় স্পিনার রাহুল চাহার। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে নামটা খুব একটা পরিচিত নয়। ভারতের জার্সিতে কেবল একটি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন ২৬ বছর বয়সী এই স্পিনার। তবে চাহার আইপিএলসহ ভারতের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত। অল্প বয়সে বিয়ে হওয়া এবং নিজের সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল না জানিয়ে তিনি স্ত্রী ইশানি জোহারের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
এর আগে প্রায় ১৫ মাসের আইনি লড়াইয়ে ছিলেন এই দম্পতি। সেই উদ্দেশে বারবার আদালতে শুনানির জন্য উপস্থিত হওয়ার সময়টা কঠিন ছিল বলে জানিয়েছেন রাহুল চাহার। তবে এসবের মধ্য দিয়ে তিনি ধৈর্য, সহনশীলতার শিক্ষা এবং নিজের ভেতরকার শক্তি বেড়েছে বলেও উল্লেখ করেন। আদালতে বিচ্ছেদের চূড়ান্ত রায় আসার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন রাহুল। এর আগে রাহুল-ইশানি গাঁটছড়া বেঁধেছিলেন ২০২২ সালের ৯ মার্চ।
বিচ্ছেদের ঘোষণা রাহুল লিখেছেন, ‘আমি অল্প বয়সে বিয়ে করেছিলাম– তখনও নিজেকে ঠিকঠাক বুঝে ওঠা, নিজের মূল্যবোধ কিংবা ভবিষ্যতে কেমন জীবন গড়তে চাই, তা পুরোপুরি বুঝে উঠতেও পারিনি। এরপর আমাকে অনাকাঙ্ক্ষিত নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর গত ১৫ মাসে আমি আদালত-কেন্দ্রিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ধৈর্য, সহনশীলতা এবং সত্যের শক্তি সম্পর্কে নতুন করে শিক্ষা পেয়েছি।’

সম্পূর্ণ আইনিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তে রাগ-ক্ষোভের মতো বিষয় জড়িত নয় বলেও স্পষ্ট করেছেন রাহুল। তিনি বলছেন, ‘আজ আমার জীবনের সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। যথাযথ আইনি প্রক্রিয়ার পর বিষয়টি নিষ্পত্তি হয়েছে, যার জন্য আমাকে বড় মূল্য দিতে হয়েছে। তবে এতে এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে কোনো রাগ কিংবা অনুশোচনা ছাড়াই, বরং স্বচ্ছতার সঙ্গে ইতি টানছি। কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার নয়– সেগুলো আমাদের জাগিয়ে তুলতে, শিক্ষা দিতে এবং বদলে দিতে আসে।’
আত্মসচেতনতা এবং শান্তি ও সম্মানের জীবন গড়ার প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যেতে চান ভারতীয় এই ক্রিকেটার। তিনি আরও লিখেছেন, ‘আমি আরও জ্ঞানী ও আত্মসচেতন হয়ে সামনে এগিয়ে যাচ্ছি এবং নিশ্চিত যে আমি প্রাপ্য জীবনই গড়ে তুলব। এটি কোনো সমাপ্তি নয়, এটি এক মুক্তি, এক নতুন শুরু। এখান থেকে যা কিছু তৈরি হবে, তা হবে আত্মসম্মান, শান্তি ও সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে। আমি কোনো তিক্ততা নয়, বরং শিক্ষা, মর্যাদা এবং নতুন করে শুরু করার সাহস সঙ্গে নিয়ে এগিয়ে যাব।’
প্রসঙ্গত, ২০১৯ সালে ভারত জাতীয় দলে অভিষেক হয় রাহুল চাহারের। এরপর থেকে একটি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই লেগব্রেক গুগলি বোলার। তবে ২০২১ সালের নভেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা যায়নি। এর আগে ছিলেন ভারতের ২০২১ বিশ্বকাপের স্কোয়াডেও। আসন্ন ২০২৬ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন রাহুল, এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি টুর্নামেন্টটিতে ৭৫ উইকেট শিকার করেছেন।
এএইচএস