দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে যা বললেন ফারহান

আসন্ন হ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। টুর্নামেন্টের চার ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানিদের নিজেদের দলে নেবে না বলে গুঞ্জন উঠেছে। এরপরও মার্চে অনুষ্ঠিতব্য নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোট ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার।
আগামী মাসের প্রথম হান্ড্রেড নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। কিন্তু সম্প্রতি প্রকাশিত সংবাদ অনুযায়ী, চারটি ভারতীয় মালিকানাধীন দল পাকিস্তানি খেলোয়াড়দের বিবেচনা করছে না। এ বিষয়ে ফারহান বলেন, “যদি কেউ আমাদের নিতে চায়, আমরা প্রস্তুত। সবার তো আর আমাদের প্রতি আগ্রহ নেই এমনটা নয়। এরপরও শেষ সিদ্ধান্ত আমাদের হাতে নেই।’’
ফারহান এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি গ্রুপ স্টেজে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরিও করেছেন। দ্য হান্ড্রেডে খেললে নিজের সেরাটা দেওয়ার প্রত্যাশাও করেন তিনি। “প্রত্যেক খেলোয়াড় ভালো লিগে খেলতে চায়। হান্ড্রেড অন্যতম সেরা লিগ। শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে আশা করছি, ভালো কিছুই হয়তো দেখতে পাবো। আর সুযোগ পেলে সেরাটাই দিবো।’’
পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে ১৩ জনই হান্ড্রেড নিলামে নাম লিখিয়েছে। নাম দেননি ব্যাটসম্যান ফখর জামান ও সাবেক অধিনায়ক বাবর আজম। এখন পর্যন্ত হান্ড্রেডে অংশ নিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও সাইম আইয়ুব।
এদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক সম্প্রতি বলেছেন, “পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়া হবে হতাশাজনক।’’
এমএমএম/