আফগান নারী ক্রিকেট দলের পাশে রশিদ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি রশিদ খানের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। নিজেদের লক্ষ্যপূরণে ব্যর্থ হলেও দেশের নারী ক্রিকেটারদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন রশিদ।
আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকে নারীদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আফগানিস্তানের নারী ক্রিকেটাররা দেশে অনুশীলন করারও সুযোগ পান না। নিজেদের ক্রিকেটীয় স্বপ্ন বাঁচিয়ে রাখতে জাতীয় দলের সবাই থাকেন দেশের বাইরে। যখন যেখানে খেলা থাকে, সেখানে একত্রিত হন তারা। নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সঙ্গে নিয়ে তারা খেলা চালিয়ে যাচ্ছেন। নিজেদের স্বপ্নকে তাড়া করছেন।
দেশের সরকার মুখ ফিরিয়ে নিলেও নারী ক্রিকেটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রশিদ। তার সাহায্যের কথা জানিয়েছেন আফগান নারী দলের সদস্য আমিরি। তিনি এখন থাকেন অস্ট্রেলিয়ায়। এক সাক্ষাৎকারে রশিদের সাহায্যের উল্লেখ করেছেন তিনি।
আমিরি বলেছেন, 'রশিদ ভাই প্রথম থেকেই আমাদের পাশে রয়েছেন। আমাদের নানা ভাবে সাহায্য করেন। কাবুলে শুধু নারী ক্রিকেটারদের জন্য একটা একাডেমি তৈরি করেছিলেন। দেশের মেয়েদের নিশ্চিন্তে অনুশীলন করার সুযোগ করে দিতেই একাডেমিটি তৈরি করেছিলেন।'
'আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২০২১ সালে ২৩ জন নারী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল। সেই ২৩ জনের এক জন আমিরি। সে বছর জাতীয় দলে খেলতে পারে এমন ২৩ জনের সঙ্গে প্রথমবার চুক্তি করেছিল বোর্ড। আমরা আফগানিস্তানেই অনুশীলন করতাম। গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতাম। যারা নারীদের ক্রিকেটের পাশে ছিলেন, তাদের মধ্যে অন্যতম রশিদ। আমাদের কী প্রয়োজন, সে খবরও রাখতেন।'
এইচজেএস