ট্রটকে আফগানিস্তানের বিদায়ী উপহার

ইব্রাহিম জাদরানের অপরাজিত ৯৫ রান এবং মোহাম্মদ নবীর ৭ রান খরচায় ৪ উইকেট— দুজনের দারুণ পারফরম্যান্সে কানাডাকে ৮২ রানে হারাল তারা। প্রধান কোচ জোনাথান ট্রটকে তারা বিদায় দিলো রাজকীয়ভাবে। টানা দুই জয়ে বিশ্বকাপ শেষ করল আফগানরা।
শিশির ভাবনায় রেখে টস জিতে ফিল্ডিং নেন কানাডা অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। শুরুটা ভালো হতে পারতো। কিন্তু আফগানিস্তানের ইনিংসে দুটি ক্যাচ ফেলার মাশুল দিতে হয়েছে ৬২ রান দিয়ে।
জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের ৪৭ রানের উদ্বোধনী জুটি দ্বিতীয় ওভারে ৯ রানে ভাঙতে পারতো, যদি কিপার শ্রেয়াস মোভা ৭ রানে গুরবাজের ক্যাচ না ফেলতেন। পাওয়ার প্লেতে জাসকারান সিং চার বলের মধ্যে জোড়া আঘাতে গুরবাজ (৩০) ও গুলবাদিন নাইবকে (১)।

মাঠে আরেকটি বড় ভুল করে কানাডা। ৫৪ রানে লং অনেক জাদরানের সহজ ক্যাচ ছেড়ে দেন কালিম সানা। পরে জাদরান ও সেদিকুল্লাহ আতাল মাঝের ওভারে ৪৪ রান তোলেন। এই জুটি গড়ার পথে ৩৩ বলে ১৬তম হাফ সেঞ্চুরি করেন জাদরান। ইনিংস শেষ করে এসেছেন তিনি। শেষ দুই বলে চার মেরে আফগানিস্তানকে এনে দেন ৪ উইকেটে ২০০ রান, টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ।
কানাডার শীর্ষ টি-টোয়েন্টি ব্যাটার নাভনীত ঢালিওয়াল তার বিদায়ী ইনিংস স্মরণীয় করতে পারেননি। পাঁচ বলে ডাক মারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া ১১০ রান করা যুবরাজ সামরাও ব্যর্থ। প্রথম বলে চার মারার পর ১৭ রানে থামেন তিনি।
হার্শ ঠাকুর (৩০) ও সাদ বিন জাফর (২৮) কার্যকরী অবদান রাখলেও আফগানিস্তানের জন্য তারা হুমকি হয়ে ওঠেননি। নবীর ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি বোলিংয়ে ৮ উইকেটে ১১৮ রানে থামে কানাডা। তার শেষ ওভারে গুরবাজ ক্যাচ না ফেললে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়তেন এই স্পিনার।
এফএইচএম/