আগেভাগেই ভারতের একাদশ সাজিয়ে দিলেন শাস্ত্রী-পন্টিং

সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা রিকি পন্টিং একই সুরে দাবি তুলেছেন, ভারতের একাদশে যেন সহকারী অধিনায়ক অক্ষর প্যাটেলকে ফেরানো হয়। বিশেষ করে তাদের পরবর্তী দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশিষ্ট ম্যাচে দুটিতে কেবল জিতলেই হবে না, অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচে অক্ষরের বদলে ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার পর থেকেই সমালোচনা শুরু হয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ৭৬ রানে হেরেছিল সূর্যকুমার যাদবের দল। বড় ব্যবধানে হারের কারণে নেট রানরেটেও (-৩.৮০০) তারা অনেক পিছিয়ে পড়ে। যা ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল করে তুলেছে। প্রোটিয়াদের কাছে হারই ভারতের কৌশল নিয়ে নতুন ভাবতে বাধ্য করবে বলে মনে করেন শাস্ত্রী, তাতে সহমত জানিয়েছেন পন্টিং–ও।
আইসিসির রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ‘(ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের) ধারাভাষ্য শুনলাম অক্ষরকে না খেলানোর কারণ হিসেবে প্রতিপক্ষ দলে অতিরিক্ত বাঁ–হাতি ব্যাটারের বলা হচ্ছিল। কিন্তু সেখানে ডানহাতিও আছে। এমন পরিস্থিতিতে অধিনায়কের দক্ষতাই হচ্ছে অক্ষরকে উপযুক্ত সময়ে ব্যবহার করা।’ চেন্নাইয়ে আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ে এবং রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। সেসব ম্যাচে গৌতম গম্ভীরের দলকে নিজেদের মৌলিক কৌশলে ফেরার আহবান জানিয়েছেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশ গঠন নিয়ে পরামর্শ দিয়ে পন্টিং বলেন, ‘আমি হলে মৌলিক কৌশলে ফিরতাম। আমি শুধু তাদের লাইনআপে চোখ রাখতাম, চেন্নাইয়ের কন্ডিশন অনুসারে আমাদের সবচেয়ে সেরা একাদশ কারা হবে? যদি অক্ষর প্যাটেল যুক্ত হয়, বেশ ভালো। যদি কুলদীপ যাদবকে আনা হয় সেটিও আমি ভেবেছি, কারণ প্রতিপক্ষ দলে বাঁ-হাতি নাকি ডানহাতি বেশি সেটি ব্যাপার না। সে এমনভাবে বল স্পিন করতে পারে, যা উভয় ব্যাটারের ব্যাটে আউটসাইড এজ হতে পারে।’
ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রীও একাদশে বাড়তি স্পিনার নেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন। তার মতে– ‘আমি মনে করি তাকে (অক্ষর) ফেরানো হোক। তার অভিজ্ঞতা প্রয়োজন। আমি বলব উভয়কেই (অক্ষর ও সুন্দর) খেলাও। নিজেদের বাড়তি অপশন দাও। নির্দিষ্ট দিনে আপনি হয়তো কোনো বোলারকে অফডে দিতে পারেন। উদাহরণস্বরূপ– রোববার বরুণ চক্রবর্তীকে। সে নিজের সেরাটা দিতে পারেনি এবং তার প্রাপ্যও পেয়েছে। যদি অক্ষর খেলত, সে আট নম্বরে ব্যাটিংও করতে পারত। পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া আছে, ছয়ে শিভাম দুবে। ওয়াশিংটন সুন্দরকে সাতে এবং অক্ষরকে চাইলে পাঁচেও নামানো যায়।’
— ICC (@ICC) February 25, 2026
‘এখন যদি আট ব্যাটারও টি-টোয়েন্টিতে আপনার কাজটা করতে না পারে, তার মানে কোনো গলদ আছে। বিশেষ করে এমন বিধ্বংসী থাকা সত্ত্বেও। আপনি যদি বাড়তি বোলিং অপশন না রাখেন, সেটি নিশ্চিতভাবে মিস করবেন–ই। আমার মতে এটা গুরুত্বপূর্ণ। রিংকু সিংকে সম্ভবত পাওয়া যাবে না। তবে যদি সে থাকে তাহলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলতে পারবে’, আরও যোগ করেন শাস্ত্রী।
এএইচএস