এবার গাড়ি উপহার পেলেন ১৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার

আর্থিক পুরস্কারের পর এবার উপহার হিসাবে গাড়ি পেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে তারকা হয়ে উঠেছেন এই ক্রিকেটার। ব্যাট হাতে ভালো খেলায় একের পর এক উপহার পাচ্ছেন বৈভব। সেই তালিকাতেই এবার যোগ হয়েছে একটি গাড়ি।
বৈভবকে ২২ লাখ রুপি দামের গাড়ি উপহার দিয়েছে টাটা কোম্পানি। আইপিএলের গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেই নজর কেড়েছিলেন বৈভব। একটি সেঞ্চুরিও করেছিল। গত মৌসুমে সেরা স্ট্রাইকারের পুরস্কারও পেয়েছিলেন বৈভব। সেই পুরস্কার হিসেবেই এই গাড়ি দেওয়া হয়েছে তাকে। গত মৌসুম শেষে পুরস্কার পেলেও এত দিন পর সেই গাড়ি হাতে পেয়েছেন তিনি।
সম্প্রতি সেই গাড়ি নেওয়ার জন্য দোকানে গিয়েছিলেন বৈভব। তার সঙ্গে ছিল বাবা, মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন বৈভব।
ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে দেশে ফেরার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন বৈভব। মুখ্যমন্ত্রী তার হাতে ৫০ লাখ রুপির চেক তুলে দেন। এ ছাড়া ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের জন্য সাড়ে ৭ কোটি রুপির আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারও ভাগ পাবেন বিহারের ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন বৈভব। তার ব্যাট থেকে এসেছে ৪৩৯ রান। এর মধ্যে শুধুমাত্র ফাইনালেই ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছেন। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। ১৫ চার ও ১৫ ছক্কা হাঁকান এই ভারতীয় ওপেনার।
এইচজেএস