পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে যা বলছে দ্য হানড্রেড কর্তৃপক্ষ

ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সুযোগ কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় মালিকানায় থাকা চারটি দল শাহিন আফ্রিদি, হারিস রউফদের নিলাম থেকে কিনতে আগ্রহী হবে না বলে গুঞ্জন আছে। ফলে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে নিলামের আগেই ভারতীয় মালিকানাধীন দলগুলোকে সতর্ক করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বোর্ডের পদক্ষেপের পর এবার দ্য হানড্রেড কতৃপক্ষও নড়ে-চড়ে বসেছে। দ্য হানড্রেড এবং ইসিবি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ধর্ম, লিঙ্গ, বিশ্বাস, নাগরিকত্বের ঊর্ধ্বে উঠে দ্য হানড্রেড শুরু করা হয়েছে নতুন দর্শক আনতে, ক্রিকেটের উন্নতি করতে এবং সবাই যাতে খেলার সঙ্গে একাত্মতা বোধ করতে পারেন তার জন্য। তাই জাতীয়তার ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না।
ইসিবি জানিয়েছে, যেহেতু তারা এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে, তাই কোনো বৈষম্য যাতে না তৈরি হয় সেটা দেখা তাদেরই কর্তব্য। এর বিরুদ্ধে কঠিন আইনও করতে পারে তারা। দুই পক্ষেরই দাবি, ক্রিকেটীয় পারফরম্যান্সের ভিত্তিতেই দল তৈরি করা হোক।
উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ড ম্যাচের আগে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান বলেছিলেন, 'কারা আমাদের নেবে না নেবে সেটা আমাদের হাতে নেই। আমরা সিদ্ধান্ত নিতে পারি না। যদি কেউ আমাদের কেনে তাহলে তাদের হয়ে খেলতে রাজি। আমরা সবাই ওই লিগে খেলতে চাই।'
পাকিস্তানের পুরুষ এবং নারী ক্রিকেটার মিলিয়ে দ্য হানড্রেডে খেলার জন্য আবেদন করেছেন ৬৭ জন। এর আগে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফের মতো ক্রিকেটার ওই লিগে খেলেছেন।
এইচজেএস