ব্যাটিংয়ের মাঝে গ্যালারির দিকে তেড়ে গেলেন মিঠুন, কী হয়েছিল

রাজশাহীতে চলছে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের খেলা। যেখানে আজ (বৃহস্পতিবার) দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল মুখোমুখি হয়েছে। আর এদিন খেলা চলাকালে হঠাৎ-ই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে যান মোহাম্মদ মিঠুন। মূলত দর্শকদের স্লোগানে মেজাজ হারিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে এক সময় মিঠুনকে উদ্দেশ্য করে ‘দালাল-দালাল’ স্লোগান শুরু হয়। যা শুনে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। এরপর মাঠের সীমানা দড়ির বাইরে গিয়ে মিঠুনকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরই অবশ্য মিঠুন হাসিমুখে সেখান থেকে ক্রিজে ফিরে আসেন।
এর আগে সর্বশেষ বিপিএলেও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল কয়েকজন ক্রিকেটারকে। এর পেছনে রয়েছে বিপিএলের আলোচিত ম্যাচ বয়কটের ঘটনাটি জড়িত। যেখানে ক্রিকেটারদের আর্থিক বিষয় মন্তব্য করায় তোপের মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের দাবির মুখে তাকে শোকজ এবং দায়িত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। পরে নাজমুলকে আবার সেই পদে বহাল রাখে বিসিবি।
এদিকে, দক্ষিণাঞ্চলের হয়ে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছেন মিঠুন। উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে তার দল। দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে গেছে। ৭৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মিঠুন। ৬ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতেছে উত্তরাঞ্চল।
এসএইচ/এএইচএস