সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে যা বলছেন নাহিদ

লাল বলের ক্রিকেট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল নাহিদ রানার। এরপর বল হাতে কয়েকটি টেস্ট ম্যাচ একাই দলকে জিতিয়েছেন। এরপর ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ খেললেও সাদা বলের ফরম্যাটে থিতু হতে পারেননি এই পেসার। চলমান বিসিএলে আজ বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তার মূল মনোযোগ পারফরম্যান্সের দিকে। আর সুযোগ পেলে দলে অবদান রাখার ব্যাপারেও দৃঢ়প্রত্যয়ী। নাহিদ বলেন, ‘‘ডাক পাব কিনা এটা আমার কাজ না। আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি। যখন যেখানে সুযোগ পাব, চেষ্টা করব দলকে জেতানোর।’’
বিসিএল ওয়ানডেতে এবারের আসর হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। এই দুই জায়গার উইকেট নিয়ে নাহিদ বলেন, ‘‘দুই জায়গার উইকেটই ব্যাটিং ফ্রেন্ডলি, ভালো উইকেট। পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম। তখন স্টেডিয়ামে প্র্যাকটিস করার সুযোগ পেতাম না। একাডেমিতে প্র্যাকটিস করলে ভেন্যুতে সবাইকে প্র্যাকটিস করতে দেয় না। এখানে আগে অনেক ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।’’
পরে দক্ষিণাঞ্চলের বিপক্ষে নিজ দল উত্তরাঞ্চলকে ম্যাচ জিতিয়ে নাহিদ বলেন, ‘‘হ্যাঁ অবশ্যই, প্ল্যান তো অবশ্যই থাকে। আমারও থাকে ক্যাপ্টেনেরও থাকে। দল যেটা চায়, সেটাই কাজে লাগানোর চেষ্টা করি। ভালো লাগার বিষয় হচ্ছে, দলকে ভালো পারফরম্যান্স উপহার দিতে পেরেছি। এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে।’’
এসএইচ/এমএমএম