খেলাধুলায় পরিবর্তন দেখার অপেক্ষায় তামিম

ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন তামিম ইকবাল। এরপর যুক্ত হয়েছেন ক্রীড়া সংগঠক হিসেবে। আজ শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার অনুষ্ঠানে যোগ দেন তামিম।
পরে তামিম বলেন, ‘‘লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না। আমি আশা করব, এই সম্পর্কটা যেন আমরা মেইনটেইন করি। কারণ সমালোচনা আমি কিংবা উনারা না নিতে পারলে আমরা কেউই সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি, তাহলে কী ভুল করছি- তা কোনদিনও জানব না।’
‘‘সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সবসময় আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা বিশ্বাস করি। ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক।’’
পরে খেলাধুলার উন্নয়নে আশাবাদী নিয়ে তামিম বলেন, ‘‘একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা সবাই ভাগ্যবান। কারণ আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের প্রথম তিন-চার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্পোর্টস নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে, আসলেই খেলাধুলায় এখন আমরা পরিবর্তন দেখব।’’
এসএইচ/এমএমএম