মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশে ফেরার আকুতি জনি বেয়ারস্টোর

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ইংল্যান্ড ‘এ’ দল। এই দলে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোও। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে দ্রুতই দেশে ফিরতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন বেয়ারস্টো।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলছে ইংল্যান্ড লায়ন্সের। প্রথম ম্যাচে জিতেছে ইংলিশরাই। আজ রবিবার ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। কিন্তু মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। এমনকি সিরিজটিও বাতিল করা হয়েছে।
ইসিবি নিশ্চিত করেছে, সরকারের নির্দেশনা মেনে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি হচ্ছে না। তারা এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের দল ও স্টাফদের সুরক্ষা ও নিরাপত্তা সবার আগে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির কারণে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের নির্দেশনা মানা হচ্ছে।’’
ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের ম্যাচ বাতিলের পাশাপাশি আগামী সপ্তাহে তাদের নারী দলের আবুধাবি সফরও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা পরিকল্পনা মতোই মাঠে গড়াবে। দলটি সেমিফাইনাল নিশ্চিত করেছে। তারা যাবে ম্যাচ ভেন্যু মুম্বাইয়ে।
এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বিবৃতি দেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী খের স্টারমার। সেখানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কমেন্ট করেছেন জনি বেয়ারস্টো। তিনি লেখেন, ‘আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?’’
এমএমএম/