উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, এশিয়া কাপেও আলোচনায় খামেনি

বাংলাদেশের ঐতিহাসিক এশিয়া কাপের মিশন শুরু আগামী ৩ মার্চ সিডনিতে। আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের পর্দা উঠেছে আজ পার্থে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ১-০ গোলে ফিলিপাইনকে হারিয়েছে।
আজ সারা বিশ্বজুড়েই আলোচনা আমেরিকা-ইরান পাল্টাপাল্টি হামলা। আমেরিকা-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু সারা বিশ্বে আলোড়ন তুলেছে। ইরানে যখন এমন ঘটনা তখন ইরানের নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় আগামীকাল এশিয়া কাপ খেলার অপেক্ষায়।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাধ্যতামূলক। আগামীকাল গোল্ডকোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ইরান। স্বাভাবিকভাবেই সেই সম্মেলনে খামেনি প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইরানী কোচ ও ফুটবলারকে। ফার্সি ভাষায় কোচ মারজিয়া জাফারী অতি সংক্ষেপে উত্তর দিয়েছেন, ‘আমাদের মনোযোগ ফুটবলেই রয়েছে।’
আন্তর্জাতিক প্রেস কনফারেন্সে স্থানীয় ভাষায় কোচ-খেলোয়াড় বক্তব্য প্রদান করলে সেটা ইংরেজীতে অনুবাদ করে দেয়া হয়। ইরানী কোচের উত্তর অবশ্য আর ইংরেজী করেননি এএফসি মিডিয়া কর্মকর্তা। এএফসি মিডিয়া কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন ফুটবল সংক্রান্ত প্রশ্নই করতে। এর পরের প্রশ্নগুলো সরাসরি এশিয়া কাপ নিয়ে হলেও অস্ট্রেলিয়ান সকল মিডিয়ায় খামেনিকে নিয়ে করা প্রশ্নটিই বেশি গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে।
ইরান নারী এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো অংশগ্রহণ করছে। এই এশিয়া কাপ আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলের এশিয়ান অঞ্চলের বাছাইয়ের মঞ্চও। ১২ দলের মধ্যে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলবে। সপ্তম-অস্টম স্থানে থাকা দলগুলোকে অন্য মহাদেশের দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে।
আমেরিকা-ইসরাইল যৌথ হামলা এবং ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই খারাপ। আজ থেকে নারী এশিয়া কাপ শুরু হয়েছে এবং ইরান অন্যতম অংশগ্রহণকারী দেশ তাই এএফসি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখছে। এই সংক্রান্ত একটি বিবৃতিও দিয়েছে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
এজেড/এইচজেএস