দেশে ফেরা নিয়ে স্বস্তির খবর দিলেন মুশফিক

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আকাশপথ বন্ধ হওয়ায় তিনি ও আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। স্বস্তির খবর দিলেন মুশফিক। দেশে ফেরার বিমানে উঠেছেন তিনি।
উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক। রোববার দিবাগত রাতে একটি পোস্ট দেন তিনি।
দেশে ফেরার বিমানে উঠে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’
এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
এফএইচএম/