বিসিএলের ফাইনাল মিরপুরে, স্পোর্টিং উইকেটের প্রত্যাশা

বিসিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। বাকি রয়েছে কেবল ফাইনাল। আগামীকাল দুপুরে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। যে ম্যাচের আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন নর্থ জোনের কোচ তারেক আজিজ খান।
এ সময় তিনি বলেন, 'সাব্বির গত ম্যাচে তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের সব প্লেয়ার এখন প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। আমরা একটা সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনতে চাই।'
মিরপুরের উইকেট নিয়ে তারেক বলেন, 'বিপিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি আমরা ভালো উইকেট পাবো। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দুভাবেই রপ্ত করার সুযোগ পাবে।'
পরে বিসিএল দলগুলো নিয়ে তারেক বলেন, 'বাংলাদেশের প্রায় সব সেরা প্লেয়ার যারা আছে তারা সবাই এখানে আছে। এটা নির্বাচকদের জন্যও একটা সুযোগ যে কারো সম্পর্কে কোনো সন্দেহ থাকলে সেটা এখান থেকে দেখে নেয়ার। আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারের জন্য এটা ভালো সুযোগ ছিল। টিমগুলোও বেশ ভারসাম্যপূর্ণ ছিল।'
এসএইচ/এইচজেএস