দুবের ২ বাউন্ডারি স্যামসনের ৯৭ রানের সমান : ভারত কোচ

গতকাল সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাতে নেমে ৪ বলে ৮ রান করেছিলেন শিবম দুবে। যেখানে দুটি চারের মার ছিল। এই ৮ রানের ইনিংসকে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া সাঞ্জু স্যামসনের ৯৭ রানের সমান করে দেখছেন গৌতম গম্ভীর।
অতীতে ভারতীয় দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে বেশি হইচই হত। এই দুইজনের কেউ ভালো খেললে তাদের ছায়ায় ঢাকা যেতেন বাকিরা। গম্ভীর কোচ হয়ে আসার পর এই তারকা সংস্কৃতি বন্ধ করতে চেয়েছেন।
গম্ভীর বলেন, 'গত কয়েক বছর ধরে আমরা শুধু কয়েক জনের অবদান নিয়েই কথা বলে এসেছি। বুঝতে হবে এটা দলগত খেলা। দলগত খেলাই থাকবে। আমার মনে হয় সাঞ্জুর ৯০ রানের সমান হল শিবমের দুটি চার। কারণ শিবম ওই সময় দুটি চার মারতে না পারলে আপনারা হয়তো সাঞ্জুর ৯৭ রান নিয়ে কথাই বলতেন না। তাই শুধু ৯৭ নিয়েই কথা বললে হবে না'
ছোট ছোট অবদান নিয়ে গম্ভীর বলেন, 'বড় অবদান সব সময় শিরোনামে আসে। কিন্তু ছোট অবদানগুলোই শেষ পর্যন্ত দলকে ম্যাচ জেতায়। শেষ ধাপটা পেরিয়ে যেতে সাহায্য করে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত দিন আমি এই পদে আছি, তত দিন এই দর্শনেই দলকে এগিয়ে নিয়ে যেতে বলব।'
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশির ভাগ কোচই হয়তো সাফল্যের নেপথ্যে তথ্য-পরিসংখ্যানের উল্লেখ করবেন। গম্ভীর তাদের থেকে আলাদা। তিনি বলেছেন, 'আমি তথ্যে বিশ্বাস করি না। কখনও পরিসংখ্যান দেখিনি। আমি এসবে বিশ্বাস করি না।'
এইচজেএস