নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হল অধিনায়ক রশিদ খানকে। রশিদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইব্রাহিম জাদরানকে।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার পরই রশিদকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। তার আগেই ইব্রাহিমকে দায়িত্ব দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি দলের সহ-অধিনায়ক ছিলেন। তাই তাকেই দায়িত্ব দেওয়া হল।
বিশ্বকাপের পর দলেও কিছু বদল করা হয়েছে। বিশ্বকাপের দলে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়নি ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইশাককে। টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে নূর রহমান, শরাফুদ্দিন আশরফ ও ফরিদ আহমেদকে। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।
শ্রীলঙ্কার বিপক্ষে শারজাহ ও দুবাইয়ে খেলা আফগানিস্তানের। কিন্তু এখন সেখানে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। ফলে সেখানে খেলার মতো পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে সেখানে সিরিজ আয়োজন করা যাবে কি না, সে দিকে নজর রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা। ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা আফগানিস্তান-শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ম্যাচ। তার আগেই অধিনায়কত্বে বদল করল আফগানিস্তান।
এইচজেএস