‘সে আলাদিনের প্রদীপের দৈত্য’– ভারতীয় বোলারের প্রশংসায় ডু প্লেসি

২৫৩ বনাম ২৪৬– জসপ্রীত বুমরাহ গড়ে দিলেন মূল পার্থক্য। যেখানে সামগ্রিক রান তোলার হার ১২-এর বেশি, তখন একটি উইকেট নিয়েছেন এবং প্রতি ওভারে দিয়েছেন গড়ে ৮.২৫ রান।
ইংল্যান্ডের রান তাড়ায় বুমরাহ ৫, ১১, ১৬ ও ১৮তম ওভারে বল করেন। তার বেশিরভাগ ডেলিভারি ছিল নিখুঁত। যখন ইয়র্কার করতে পারছিলেন না, তখনো এমন দাপুটে বোলিং করেছেন যে আস্কিং রেট বাড়তে থাকা সত্ত্বেও ইংল্যান্ডের ব্যাটাররা তাকে নিয়ে সতর্ক ছিল।
বিশেষ করে জ্যাকব বেথেল যেখানে অন্য বোলারদের মেরে খেলেছেন, তখন বুমরাহর ১৩ বলে মাত্র ১৭ রান তোলেন। আর শেষ দুই ওভারে মাত্র ১৪ রান দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরা সাঞ্জু স্যামসনের কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি।
৪ ওভারে ১ উইকেট ও ৩৩ রান দিয়ে ভারতকে ফাইনালে তোলার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ। দারুণ পারফরম্যান্সে প্রশংসিত হলেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তাকে ‘সুপারপাওয়ার’ বললেন, যাকে সব অধিনায়ক পাওয়ার স্বপ্ন দেখেন।
মুম্বাইয়ে হাইস্কোরিং সেমিফাইনালে আরেকটি চমৎকার স্পেল করার পর তাকে প্রশংসায় ভাসান ডু প্লেসি।ইএসপিএনক্রিকইনফো-র টাইম আউট শোতে তিনি বলেন, ‘টিম ইন্ডিয়া হয়তো বুঝতেই পারে না, তারা ঠিক কতটা ভাগ্যবান যে তাদের দলে সে (বুমরাহ) আছে।’
তিনি বলে গেলেন, ‘এটি বারবার, বারবার এবং বারবার প্রমাণিত হয়েছে যে, ফরম্যাট যাই হোক না কেন— আপনি শুধু তার হাতে বল তুলে দেবেন আর সে আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে। এটি এমন এক ‘সুপারপাওয়ার’ যা যে কোনো অধিনায়ক পাওয়ার স্বপ্ন দেখেন। এটি অনেকটা আলাদিনের জাদুর প্রদীপের দৈত্য পাওয়ার মতো— আপনি শুধু প্রদীপে ঘষা দেবেন আর ভেতর থেকে বুমরাহ বেরিয়ে আসবে।’
এফএইচএম/