বিশ্বকাপ ফাইনালে কে হবেন ম্যাচসেরা, আগেই জানালেন ক্লার্ক

আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী এই ম্যাচে কে ম্যাচসেরা হবেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন, জাসপ্রিত বুমরাহ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হবেন।
বুমরাহকেই সম্ভাব্য ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন ক্লার্ক। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের প্রয়োজনীয় সময়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বুমরাহ। ভারত শেষপর্যন্ত মাত্র ৭ রানে জিতে ফাইনালের টিকিট পায়।
আসর জুড়ে বুমরাহর ধারাবাহিক বোলিংয়ের প্রশংসা করে ক্লার্ক বলেন, চাপের মুখে গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে বুমারহর। সেমিফাইনালে বুমরাহ ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়েছে। তার আগে ১৬তম ওভারে ৮ রান দেয়। ওই দুই ওভারে মাত্র ১৪ রান না দিলে ভারত হেরে যেতে পারত।
এক ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মুখে নিজের সেরা দক্ষতায় বল করতে পারাই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। ক্লার্ক বলেন, 'প্রচুর বৈচিত্র থাকার চেয়েও চাপের মুখে সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারাটাই আসল ব্যাপার। এটাই তাকে বিশ্বের সেরা করে তুলেছে। ফাইনালে বুমরাহ ম্যাচের সেরা হলে আমি অবাক হব না।'
ক্লার্কের মতে, 'ভারতই এ বারের বিশ্বকাপে সেরা দল। তারা দুর্দান্ত খেলছে। এই বিশ্বকাপে বুমরাহকে নিয়ে আমরা হয়তো খুব বেশি আলোচনা করিনি। কারণ, আমরা হয়তো এখন তার থেকে এমন পারফরম্যান্সই আশা করি। বুমরাহ বিস্ময়কর প্রতিভা। তিন ফরম্যাটেই সে এমন একজন ম্যাচ উইনার, যে কঠিন পরিস্থিতিতেও ভালো বোলিং করে। যেমন রান আটকায়, তেমনই উইকেটও নেয়। চাপের মুখে তার মতো নিখুঁত বোলিং বিশ্বে আর কেউ করতে পারে না।'
'বুমরাহর ঝুলিতে অনেক রকম অস্ত্র আছে। আমরা যেমন সেরা ব্যাটারদের নিয়ে বলি যে, তারা বিশ্বের যে কোনও পরিস্থিতিতে চাপের মুখে রান করে, বুমরাহ বল হাতে ঠিক সেটাই করে। আমি যদি তার দলের ক্যাপ্টেন হতাম, তাহলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হত তাকে কখন ব্যবহার করব সেটা ঠিক করা।'-যোগ করেন তিনি।
এইচজেএস