ফাইনালে অভিষেককে বাদ দেওয়ার পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে উত্থান অভিষেক শর্মার। এরপর ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নজর কাড়েন তিনি। অল্প সময়েই তারকা বনে যাওয়া এই ওপেনার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই ব্যর্থ। তাই অফফর্মে থাকা অভিষেককে ফাইনালের একাদশে না রাখার পক্ষে মোহাম্মদ কাইফ।
গ্রুপ পর্বে একেবারেই ব্যর্থ ছিলেন অভিষেক। টানা ডাক খাওয়ার পর সুপার এইটে এসে প্রথম রানের দেখা পান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি পেয়েছেন। তবে আসরে বলার মতো ইনিংস এই একটিই। ফিফটি করে ফেরার আভাস দিলেও এরপরের দুই ম্যাচে আবারো ব্যর্থ তিনি।
এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে ৭ ইনিংস খেলে স্রেফ ৮৯ রান করতে পেরেছেন আভিষেক। তাই তাকে বাদ দিয়ে রিংকু সিংকে ফাইনালের একাদশে খেলানোর পরামর্শ দিলেন কাইফ। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচে এসে অনেকে দলের কম্বিনেশন ভাঙতে চান না, তবে অফফর্মের অভিষেককে সরালে তা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
তিনি বলেন, 'আভিষেক শার্মাকে বিরতি দিতে পারে ভারত। সে অনেক ম্যাচ খেলে ফেলেছে। পরিবর্তনে কোনো ক্ষতি হয় না। সংক্ষিপ্ত সংস্করণে বদল আনা যায়। ব্র্যান্ডন কিং ফর্মে না থাকায় ভারতের বিপক্ষে রোস্টন চেইস ওপেন করেছিল। কিংকে তারা পাঁচ-ছয় ম্যাচ খেলিয়েছে, কিন্তু বড় ম্যাচে এসে তাকে বাইরে রেখেছে। যেভাবে সাঞ্জুকে আনা হয়েছে এবং সে দারুণ খেলেছে, সেই পরিবর্তনটা দলের পক্ষে কাজ করেছে, এমন বদলে আমি বিশ্বাসী।'
'ভারতের পরীক্ষিত ক্রিকেটার আছে। রিংকু সিং সব জায়গায় রান করে, টেস্ট, রাঞ্জি ট্রফি কিংবা আইপিএল। কুলদিপ যাদব ও মোহাম্মেদ সিরাজও সব জায়গায় উইকেট নিতে পারে। আভিষেকের জায়গায় খেলানোর জন্য ডাগআউটে তাকালে সেখানে রিংকু সিংকে দেখতে পাবেন। তাকে দলে আনুন। একজন ভুগছে, আরেকজন ভালো করা সত্ত্বেও বাইরে বসে আছে।'
এইচজেএস