ফাইনালে কখনও ১৮০ রান উঠেনি, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আহমেদাবাদ

মাসখানেকের রোমাঞ্চকর কর্মযজ্ঞ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে আজ (রোববার)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা নির্ধারণী মহারণে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের উইকেট কেমন হবে সেটিও এখন অন্যতম আলোচিত বিষয়। আহমেদাবাদের ফাইনালে স্পোর্টিং উইকেট হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ফলে ক্রিকেটবিশ্বের সবচেয়ে বৃহৎ এই ভেন্যুর সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।
ভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের জন্য পিচ কিউরেটররা মিশ্র মাটির উইকেট প্রস্তুত করছেন। সেখানে কালো মাটির তুলনায় বেশি থাকবে লাল মাটি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দুই ধরনের মাটিই আছে, যেটা সব গ্রাউন্ডে পাওয়া যায় না। ফলে ‘স্পোর্টিং পিচ’ হবে বলে মনে করা হচ্ছে, যাতে ব্যাটাররা বেশি সুবিধা পাবে, স্ট্রোক প্লে দেখা যাবে এবং বোলাররা বাউন্সার পাবে।
আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং সবশেষ চলতি বিশ্বকাপের সুপার এইটে কোনো পাত্তা পায়নি ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষ আটের ম্যাচটিতে তারা কালো মাটির উইকেটে খেলেছিল। ফাইনালেও সেখানকার লক্ষাধিক দর্শকের সামনে আরেকটি ব্যর্থতার গল্প লিখতে চায় না সূর্যকুমার যাদবের দল। সবমিলিয়ে ২০২৬ বিশ্বকাপে বড় রানের ম্যাচ দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগের কোনো আসরেই ফাইনালে দলীয় স্কোর ১৮০ পেরোয়নি।

ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৯ আসরের ফাইনালে সর্বোচ্চ দলীয় রান উঠেছে সর্বশেষ ২০২৪ সালে। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বার সংক্ষিপ্ত সংস্করণের মুকুট পরা ভারত আগে ব্যাট করে ১৭৬ রান তোলে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ দলীয় রান। এখন পর্যন্ত ভারতই একমাত্র দল যারা এই ইভেন্টের ফাইনালে দু’বার দেড়শ পেরোনো সংগ্রহ গড়ে।
ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
১৭৬/৭ – ভারত (২০২৪)
১৭৩/২ – অস্ট্রেলিয়া (২০২১)
১৭২/৪ – নিউজিল্যান্ড (২০২১)
১৬৯/৮ – দক্ষিণ আফ্রিকা (২০২৪)
১৬১/৫ – ওয়েস্ট ইন্ডিজ (২০১৬)
১৫৭/৫ – ভারত (২০০৭)
টি-টোয়েন্টিতে আহমেদাবাদের পারফরম্যান্স
বরাবরই আহমেদাবাদের ইতিহাসগড়া ভেন্যুতে বড় রানের দেখা মেলে টি-টোয়েন্টিতে। যেখানে চলতি আসরে প্রথম ইনিংসে সর্বনিম্ন রান ওঠে ১৭৫। সর্বোচ্চ ২১৩ করেছিল দক্ষিণ আফ্রিকা। তিন বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সর্বোচ্চ ২৩৪ রান করেছিল ভারত। স্বাগতিকদের পক্ষে ১২৬ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে ২৩১ রান করে ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আহমেদাবাদে সর্বোচ্চ রান
২৩৪/৪ – ভারত বনাম নিউজিল্যান্ড (২০২৩)
২৩১/৫ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২০২৫)
২২৪/২ – ভারত বনাম ইংল্যান্ড (২০২১)
২১৩/৪ – দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা (২০২৬)
২০১/৮ – দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (২০২৬)
এএইচএস