রোববারের ফাইনালে জেতে না ভারত, আরও যেসব ‘অপয়া’ কাটাতে হবে

স্পষ্ট ফেভারিট হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। একটি ম্যাচ বাদে বাকিসব খেলায় অপরাজেয় হয়ে তারা ফাইনালেও উঠেছে। যেখানে শিরোপা নির্ধারণী মহারণে আজ (রোববার) তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তবে এই ম্যাচে জিততে হলে নিজেদের পুরোনো কিছু ‘অপয়া’ কিংবা অভিশাপের বৃত্ত ভাঙতে হবে সূর্যকুমার-বুমরাহদের।
বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল শুরু হবে। এখন পর্যন্ত তিনটি আইসিসি ইভেন্টের (২০০৩ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) ফাইনাল রোববারে খেলেছে ভারত। তিনটিতেই তারা হেরেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হচ্ছে রোববার।
অবশ্য ভারত এখন পর্যন্ত চারটি বিশ্বকাপের ফাইনালে সফল হয়েছে, অর্থাৎ জিতেছে শিরোপা। এর মধ্যে দুটি ওয়ানডে এবং বাকি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের জয়ী হওয়া ফাইনালগুলো ছিল সপ্তাহের অন্যদিনে। এর মধ্যে শনিবার খেলে জিতেছে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। আর তাদের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ফাইনাল হয়েছিল সোমবার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলই টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারতও এবার টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার সংক্ষিপ্ত সংস্করণের সর্বোচ্চ প্রতিযোগিতায় জয়ের লক্ষ্যে নামছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরে জিতেছে যথাক্রমে– ২০০৭–ভারত, ২০০৯–পাকিস্তান, ২০১০–ইংল্যান্ড, ২০১২–ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪–শ্রীলঙ্কা, ২০১৬–ওয়েস্ট ইন্ডিজ, ২০২১–অস্ট্রেলিয়া, ২০২২–ইংল্যান্ড ও ২০২৪–ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরে এখনও কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৭ সাল থেকে যাত্রা শুরু হওয়া আইসিসির এই ইভেন্টের ৯টি আসর ১১ দেশে (দুটি আসরে যৌথভাবে দুটি দেশ আয়োজক ছিল) অনুষ্ঠিত হয়েছে। এবারও বিশ্বকাপের দশম আসর চলছে ভারত ও শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার বিদায় হয়েছে সুপার এইটে, টিকে আছে আরেক আয়োজক ভারত। ইতিহাসের দ্বিতীয় স্বাগতিক দল হিসেবে তারা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ফাইনালও অনুষ্ঠিত হচ্ছে ভারতের মাটিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে ভারত। আজকের ফাইনালে চতুর্থবারের দেখায় তাদের সামনে সেই বৃত্ত ভাঙার সুযোগ রয়েছে। এদিকে, নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি আইসিসি ইভেন্টে (২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) সাফল্য পেয়েছে, দু’বারই ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। তবে সর্বশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটি ফাইনালে রোহিত শর্মার দল কিউইদের হারিয়েছে। এ ছাড়া আহমেদাবাদে আরেকটি ফাইনাল খেলে হেরেছে ভারত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচটিতে জেতে অস্ট্রেলিয়া।
এএইচএস