চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। এরই মাঝে ইতিহাসের সাক্ষী হওয়া দলটির তারকা পেসার আর্শদীপ সিংকে জরিমানা গুনতে হচ্ছে। শিরোপা নির্ধারণী ম্যাচে কিউই তারকা ড্যারিল মিচেলের গায়ে বল ছুড়ে মেরে আইসিসি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।
গত রোববার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে ভারত। টুর্নামেন্টটির ইতিহাসে স্বাগতিকরা নকআউট ম্যাচের সর্বোচ্চ ২৫৫ রান তোলে। লক্ষ্য তাড়ায় মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিংয়ের সময় ঘটে আর্শদীপ ও মিচেলের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা। মূলত বক্সে অবস্থান করলেও মিচেলের গায়ে বল ছুড়ে মারার মাধ্যমে সেই পরিস্থিতির সৃষ্টি হয়।
যে কারণে আর্শদীপ আইসিসি আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। আচরণবিধির ২.৯ ধারা ভেঙেছেন ভারতীয় এই বাঁ–হাতি পেসার। যেখানে শৃঙ্খলা ভাঙার বিস্তারিত উল্লেখ করে বলা হয়েছে– আন্তর্জাতিক ম্যাচ চলাকালে অযাচিতভাবে নিকটস্থ ক্রিকেটারের দিকে বল (কিংবা যেকোনো ধরনের ক্রিকেটীয় সরঞ্জাম) ছুড়ে মারা অথবা ভয়ঙ্কর আচরণ করা।
সাধারণত স্ট্রাইকে থাকা ব্যাটারকে চাপে ফেলা কিংবা মেজাজে বিগড়ে দেওয়ার লক্ষ্যে স্টাম্পের দিকে বোলারের বল ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে আর্শদীপের সেই বল মিচেলের গায়ে গিয়ে লাগলে তিনি মেজাজ হারিয়ে সামনে তেড়ে আসতে থাকেন। পরে আম্পায়ার এবং দুই দলের ক্রিকেটাররা তাদের শান্ত করার চেষ্টা চালান। এই ঘটনায় অবশ্য ম্যাচ শেষে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন আর্শদীপ, ‘আমি মিচেলের কাছে ক্ষমা চাইতে গিয়েছি। আমার থ্রো রিভার্স-সুইং করে তাকে আঘাত করে, সে কারণে তাকে সরি বলতে যাই। এটা ইচ্ছাকৃত ছিল না।’

আর্শদীপ ও মিচেলের মাঝে বোঝাপড়ার সেই ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে ব্ল্যাকক্যাপরা। যেখানে মিচেলকে সরি বলার পর উভয়কে হাত মেলাতে দেখা যায়। তবুও অবশ্য শাস্তি থেকে রেহাই পাননি আর্শদীপ। ফাইনালের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড এলিওয়ার্থ, অ্যালেক্স হোয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ার হোল্ডস্টক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
২৪ মাসে এটি আর্শদীপের প্রথমবার আচরণবিধি লঙ্ঘন। লেভেল-১ পর্যায়ের অপরাধের শাস্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিরস্কৃত হওয়ার পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি জরিমানার সুযোগ রয়েছে। পাশাপাশি এক অথবা দুটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হতে পারত নামের পাশে। সেই তুলনায় কম শাস্তিই পেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় এই তারকা।
এএইচএস